একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি কেন প্রায় একইরকম?
একই ট্রাম্প, একই ভঙ্গি—শুধু পাশে থাকা নেতারা আলাদা। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি প্রকাশের পর এআই দিয়ে তৈরি হওয়ার দাবি ছড়িয়ে পড়লেও, বিভিন্ন দেশের নেতার সঙ্গে তোলা একই ধরনের ছবিগুলো যাচাই করে মিলেছে ভিন্ন তথ্য।
শনিবার (৩ অক্টোবর) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ছবিটি প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পোস্টে তিনি জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া সংবর্ধনায় তিনি ও ডা. জুবাইদা রহমান অংশ নিয়েছেন। ছবিটির উৎস হিসেবে হোয়াইট হাউসের নামও উল্লেখ করা হয়।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে প্রশ্ন ওঠে। ‘ইনফো বাংলা’সহ কয়েকটি অ্যাকাউন্ট ও পেজ থেকে দাবি করা হয়, এটি ট্রাম্পের ‘ফটো কাটআউট’-এর সঙ্গে তোলা ছবি। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও ছবিটি যাচাই হয়েছে কি না, তা জানতে চান।
তবে কসোভো, আলবেনিয়া, উত্তর মেসিডোনিয়া ও রোমানিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের ছবিতেও প্রায় একই ভঙ্গি দেখা গেছে। কসোভোর ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান হিব্রিড ডট ইনফো ও সংবাদমাধ্যম কোহা বলছে, এর কারণ সংবর্ধনার ফটোগ্রাফি প্রটোকল। ট্রাম্প নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে ছিলেন, আর নেতারা একে একে তার পাশে গিয়ে ছবি তুলেছিলেন। একই পটভূমি ও ক্যামেরার অবস্থানের কারণে পোজে মিল দেখা যায়।
দ্য ডিসেন্ট জানিয়েছে, একাধিক এআই শনাক্তকারী টুলে এসব ছবিতে কৃত্রিমভাবে তৈরি বা সম্পাদনার নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। ট্রাম্পের বাঁ হাতের অবস্থান, মুখের অভিব্যক্তি ও হাসিতেও ছবিভেদে পার্থক্য রয়েছে।
তবে বাংলাদেশে ছড়ানো ট্রাম্পের ‘কার্ডবোর্ড কাটআউট’-এর ছবিটি আলাদা। দ্য ডিসেন্টের যাচাইয়ে সেটি আসল ছবি নয়; ওপেনএআই ব্যবহার করে তৈরি করা কৃত্রিম ছবি বলে উঠে এসেছে। সূত্র: দ্য ডিসেন্ট
//আরএস//
