পাটওয়ারী কেন দ্রুত স্থান ছাড়লেন: রাশেদ খাঁন
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় সন্দেহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি প্রশ্ন তুলেছেন, পুলিশের নিরাপত্তায় কিছু দূর যাওয়ার পর কেন গাড়ি পরিবর্তন করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন পাটওয়ারী।
রবিবার (৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।
তিনি দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করলেও বিএনপি বা অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কোনো ঝামেলা হয়নি। পরে লালন শাহের মাজারে গেলে সেখানে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে কয়েকজনের বাকবিতণ্ডা হয় এবং একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
রাশেদ খাঁনের দাবি, এই ঘটনার সঙ্গে কুষ্টিয়া বিএনপির নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই। তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি নেতাদের সঙ্গে কথা বলেছেন বলেও জানান।
তিনি আরও বলেন, প্রশাসনকে না জানিয়ে পাটওয়ারী মাজারে গিয়েছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিরাপদে সরিয়ে নেয়। এরপর পুলিশি নিরাপত্তায় কিছু দূর যাওয়ার পর তিনি গাড়ি পরিবর্তন করে দ্রুত চলে যান।
রাশেদ খাঁন বলেন, ঝিনাইদহের ঘটনায় পাটওয়ারী সরাসরি থানায় গেলেও কুষ্টিয়ার ঘটনায় কেন দ্রুত স্থান ত্যাগ করলেন, তা নিয়ে তার সন্দেহ রয়েছে।
/শান্ত/
