বিদেশে সাফল্যের বড় কারণ জানালেন আশরাফুল
বিদেশের মাটিতে বাংলাদেশ দলের সাম্প্রতিক সাফল্যের পেছনে ঘরের মাঠে নিয়মিত ভালো উইকেটে খেলার অভ্যাসকে অন্যতম কারণ হিসেবে দেখছেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তাঁর মতে, গত কয়েক মাস ধরে স্পোর্টিং উইকেটে খেলার সুযোগ পাওয়ায় ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং ৩ বিভাগেই উন্নতি করেছে দল।
অস্ট্রেলিয়া'র মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে উইকেটের ভূমিকার ওপর জোর দেন সাবেক এই অধিনায়ক। আশরাফুল জানান, গত ৯ মাস ধরে ভালো উইকেটে নিয়মিত খেলার ফলে দলের সামগ্রিক পারফরম্যান্সে ইতিবাচক পরিবর্তন এসেছে। এর প্রভাব পড়েছে ৩ বিভাগেই এবং দলও নিয়মিত ভালো ফল পাচ্ছে।
বাংলাদেশের উইকেটে এই পরিবর্তনের পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও নীতিনির্ধারকদের সিদ্ধান্তেরও প্রশংসা করেছেন আশরাফুল। তাঁর মতে, টেস্ট ও ওয়ানডে ম্যাচের প্রস্তুতিতে ভালো উইকেট তৈরির সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ জন্য বিসিবি, টিম ম্যানেজমেন্ট, প্রধান কোচ এবং ৩ সংস্করণের অধিনায়কদের কৃতিত্ব দিয়েছেন তিনি।
সামনে থাকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জ নিয়েও আশাবাদী আশরাফুল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু'টি টেস্ট খেলার পর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। খেলোয়াড়রা সুস্থ থাকলে এবং ম্যাচ ধরে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে সামনের সিরিজগুলোতেও কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া সম্ভব বলে বিশ্বাস করেন তিনি।
অস্ট্রেলিয়া'র বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয় আশরাফুলের জন্য আলাদা আবেগেরও। ২০০৫ সালে কার্ডিফে খেলোয়াড় হিসেবে শক্তিশালী অস্ট্রেলিয়া দলকে হারানোর স্মৃতি এখনো তাঁর মনে উজ্জ্বল। এবার কোচিং স্টাফের সদস্য হিসেবে অস্ট্রেলিয়া'র মাটিতে তাঁদের বিপক্ষে ঐতিহাসিক জয়ের অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান ও আনন্দিত মনে করছেন সাবেক এই ক্রিকেটার।
