২০ বছরের ক্যারিয়ারে এই প্রথম লজ্জা লাগছে: মদ্রিচ
নেশনস লিগে ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে ৭-০ গোলের বড় ব্যবধানে হেরে লজ্জার রেকর্ড গড়েছে ক্রোয়েশিয়া। ১৯৯১ সালে স্বাধীনতা পাওয়ার পর এটিই ক্রোয়াটদের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়। দলের এমন নজিরবিহীন বিপর্যয়ের পর নিজের হতাশা ও লজ্জা প্রকাশ করেছেন ৪১ বছর বয়সী কিংবদন্তি ফুটবলার লুকা মদ্রিচ।
ম্যাচে ইংল্যান্ডের হয়ে হ্যারি কেইন ও বুকায়ো সাকা দু'টি করে গোল করেন। এছাড়া একটি করে গোল করেছেন অ্যান্থনি গর্ডন, জুড বেলিংহাম ও মরগান রজার্স। দেশের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে এমন পরিস্থিতির মুখোমুখি কখনো হতে হয়নি জানিয়ে ম্যাচ শেষে মদ্রিচ বলেন, "জাতীয় দলের হয়ে ২০ বছর ধরে খেলছি। কিন্তু ম্যাচের পর এই প্রথমবার নিজেকে লজ্জিত মনে হলো।"
প্রতিপক্ষের শক্তির প্রশংসা করলেও এমন বড় ব্যবধানে হারকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না এই মিডফিল্ডার। মদ্রিচ জানান, "আপনি হারতে পারেন। আপনার চেয়ে ভালো দলের বিপক্ষে হারতেই পারেন। এই মুহূর্তে তারা আমাদের চেয়ে ভালো। কিন্তু যেভাবেই হোক, এভাবে হারা এবং বছরের পর বছর ধরে তৈরি করা সুনাম নষ্ট করা মেনে নেওয়া যায় না। আমি লজ্জিত।" ২০১৮ সালের বিশ্বকাপে এই ইংল্যান্ডকে হারিয়েই ফাইনালে উঠেছিলো ক্রোয়েশিয়া।
ইংল্যান্ডের বিপক্ষে এই হারের আগে স্পেনের কাছেও ৪-১ ব্যবধানে হেরেছিলো ক্রোয়েশিয়া। সব মিলিয়ে শেষ তিন ম্যাচে ১২টি গোল হজম করলো বলকান অঞ্চলের দেশটি। দলের এমন বাজে পারফরম্যান্সের পুরো দায় নিজের কাঁধে নিয়েছেন কোচ স্লাভেন বিলিচ।
তিনি বলেন, "এই মৌসুমে দায়িত্ব নেওয়ার পর থেকেই কিছু সমস্যা ছিলো। অবশ্যই ছিলো। কিন্তু দায় আমারই। কেন এমন হলো, সেটা আলাদা করে বলার চেষ্টা করে লাভ নেই। পুরো দল সম্মিলিতভাবে খেই হারিয়ে ফেলেছে।"
//আইই//
