এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে মূল্যায়ন কমিটি
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, এশিয়ান গেমসে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের কারণ খতিয়ে দেখতে বিশেষ মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতে আন্তর্জাতিক আসরে শুধু অংশগ্রহণ নয়, পদকের জন্য লড়াই করাই লক্ষ্য হওয়া উচিত।
রবিবার (৪ অক্টোবর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল হক বলেন, এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের পারফরম্যান্স হতাশাজনক ছিলো। ব্যর্থতার কারণ অনুসন্ধান ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে ইতোমধ্যে বিশেষ মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে।
এবার পূর্ণ শক্তির দল নিয়ে এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নেয় বাংলাদেশ। আগের তিন আসরে পদকজয়ী পুরুষ ক্রিকেট দল সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে যায়। এরপর ব্রোঞ্জের লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে হেরে পদক ছাড়াই আসর শেষ করে তারা।
ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ভবিষ্যতে যেসব ইভেন্টে বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা বেশি, সেগুলো চিহ্নিত করে অগ্রাধিকার দেওয়া হবে।
২০১০ সালে এশিয়ান গেমসে ক্রিকেটের অভিষেকেই আফগানিস্তানকে হারিয়ে সোনা জিতেছিলো বাংলাদেশ। ২০১৪ ও ২০২৩ সালে পেয়েছিল ব্রোঞ্জ। এবারই প্রথম এশিয়ান গেমস ক্রিকেট থেকে কোনো পদক ছাড়াই ফিরতে হলো বাংলাদেশকে।
/শান্ত/
