কে পাচ্ছেন মেসি'র ১০ নম্বর জার্সি?
লিওনেল মেসি'র অবসরের ঘোষণার মধ্য দিয়ে আর্জেন্টিনা ফুটবল দলে একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটলো। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন ভিডিও ও হাতে লেখা বার্তার মাধ্যমে রোজারিও'র এই জাদুকর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন। আর এই বিদায়ের সঙ্গেই ফুটবল বিশ্বের সামনে এখন বড় প্রশ্ন, আলবিসেলেস্তেদের আইকনিক ১০ নম্বর জার্সি এবার উঠতে যাচ্ছে কার গায়ে? পরবর্তী ম্যাচ শুরু হওয়ার আগে এই রহস্যের জট না খুললেও, নতুন উত্তরসূরি খোঁজার প্রক্রিয়া কিন্তু ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।
মেসি প্রথমবার এই ঐতিহাসিক জার্সি গায়ে জড়িয়েছিলেন ২০০৯ সালের ২৮ মার্চ, তৎকালীন কোচ ডিয়েগো ম্যারাডোনা'র অধীনে। ভেনেজুয়েলা'র বিপক্ষে ৪-০ গোলের দুর্দান্ত জয়ের ম্যাচে অভিষেকেই এই জার্সি তাঁর ক্যারিয়ারে দারুণ সূচনা এনে দিয়েছিলো। তারপর থেকে এই ১০ নম্বর জার্সিটি যেন মেসির শরীরেরই অংশ হয়ে উঠেছিলো। কিন্তু এখন মেসি জাতীয় দল থেকে অবসর নেওয়ায় আলবিসেলেস্তেদের জন্য নতুন নাম্বার টেন খুঁজে বের করা বাধ্যতামূলক হয়ে পড়েছে।
মেসি'র অনুপস্থিতিতে অতীতে অবশ্য কয়েকজন এই জার্সি পরে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন। সর্বশেষ ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে দ্বিতীয়ার্ধে এই জার্সিটি পরেছিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তারও আগে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে অ্যাঞ্জেল কোরেয়া এবং চিলির বিপক্ষে পাওলো দিবালা এই জার্সি গায়ে জড়ানোর সুযোগ পেয়েছিলেন। তবে তাঁদের কেউই আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন না।
বর্তমান কোচ লিওনেল স্কালোনির দলে নিয়মিত ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে কয়েকজন ইতোমধ্যেই নিজ নিজ ক্লাবের হয়ে ১০ নম্বর জার্সি পরে খেলছেন। ইন্টার মিলানের হয়ে লাউতারো মার্তিনেজ, লিভারপুলে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও কোমা'র হয়ে নিকোলাস পাজ ১০ নম্বর জার্সি পরে মাঠ মাতাচ্ছেন। এ ছাড়া রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, জিওভানি লু সেলসো এবং নিকোলাস গঞ্জালেজের মতো নিয়মিত খেলোয়াড়দেরও একটা সময় নিজ নিজ ক্লাবের হয়ে এই জার্সি পরার অভিজ্ঞতা রয়েছে।
মাঠে মেসি'র স্থলাভিষিক্ত হওয়া কিংবা তার ১০ নম্বর জার্সির মর্যাদা ধরে রাখা মোটেও সহজ কাজ নয়। শুধু মেসি যা প্রতিনিধিত্ব করেন তাঁর জন্যই নয়, বরং এই বয়সেও দলের জন্য তার অবিশ্বাস্য অবদান ও কীর্তিকে ঘিরেই আর্জেন্টিনা'র পুরো দল আবর্তিত হতো। শেষ বিশ্বকাপে ১০ নম্বর জার্সিধারী মেসি সেন্টার ফরোয়ার্ডের পাশে স্ট্রাইক পার্টনার হিসেবে খেলেছিলেন, যেখানে তার সঙ্গী ছিলেন লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ। জর্ডানের বিপক্ষে যে ম্যাচটিতে মেসি বদলি হিসেবে মাঠে নেমেছিলেন, সেখানে লাউতারো ও আলভারেজ জুটি বেঁধে আক্রমণভাগে খেলেছিলেন। বিশেষজ্ঞদের ধারণা, আক্রমণভাগের এই পজিশন থেকেই কেউ একজন পেতে যাচ্ছেন মেসি'র আইকনিক ১০ নম্বর জার্সি।
