সিঙ্গাপুরে ৪ জাতির টুর্নামেন্টে খেলবে ব্রাজিল
সংগৃহীত ছবি
আগামী নভেম্বরে সিঙ্গাপুরে বসছে ৪ জাতির আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’। টুর্নামেন্টে অংশ নিচ্ছে এশিয়ার পরাশক্তি জাপান ও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এএফপি-কে টুর্নামেন্ট আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজকেরা।
ফিফা'র আন্তর্জাতিক বিরতিতে ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে হবে টুর্নামেন্টটি। জাপান ও ব্রাজিলের সঙ্গে অংশ নেবে প্যারাগুয়ে ও স্বাগতিক সিঙ্গাপুর।
১৩ নভেম্বর উদ্বোধনী ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে প্যারাগুয়ে। পরদিন ১৪ নভেম্বর বহুল প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হবে জাপান ও ব্রাজিল। ১৭ নভেম্বর শেষ দিনে হবে 'দুটি ম্যাচ- সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে ব্রাজিল এবং প্যারাগুয়ের মুখোমুখি হবে জাপান।
সবশেষ বিশ্বকাপে ব্রাজিল খুব বেশি দূর যেতে পারেনি। শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় তাঁরা। এরপর কোচ কার্লো আনচেলত্তির অধীনে আবারও নিজেদের গুছিয়ে নেওয়ার মিশন শুরু করেছে তারা।
বিশ্বকাপের পর প্রথম ফিফা আন্তর্জাতিক বিরতিতে ৩টি প্রীতি ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। এর অংশ হিসেবে ২৫ সেপ্টেম্বর কুইন্সল্যান্ডে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তাঁরা।
অস্ট্রেলিয়া সফরের পর ৩ অক্টোবর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল। এই ম্যাচ সামনে রেখে ভারতের কোচ খালিদ জামিল ইতোমধ্যে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন।
