বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে আকবরের ডাক, একই আসরে সাকিব
সংগৃহীত ছবি
বাংলাদেশের তরুণ উইকেটরক্ষক-ব্যাটার আকবর আলীর সামনে খুলে গেলো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার দরজা। নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) তৃতীয় আসরে কর্নালি ইয়াকসের হয়ে খেলবেন ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক।
আকবরকে দলে নেওয়ার বিষয়টি অবশ্য প্রচলিত পদ্ধতিতে ঘোষণা করেনি কর্নালি ইয়াকস। সামাজিক যোগাযোগমাধ্যমে যুব বিশ্বকাপের ট্রফির সঙ্গে ব্যাটিং ও উইকেটকিপিংয়ের সরঞ্জামের ছবি প্রকাশ করে নতুন এই সাইনিংয়ের ইঙ্গিত দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিলো বাংলাদেশ। সেই ঐতিহাসিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো আকবরের। বিশেষ করে ফাইনালে চাপের মধ্যে তাঁর দায়িত্বশীল ব্যাটিং বাংলাদেশকে ট্রফি জিততে বড় ভূমিকা রাখে।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৮৬ ম্যাচ খেলেছেন আকবর। ১৩০.৬৭ স্ট্রাইক রেটে তাঁর সংগ্রহ ১ হাজার ১৮০ রান। তবে এবারই প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে তাঁর।
আসন্ন এনপিএলে আকবরের সঙ্গে বাংলাদেশের আরেক ক্রিকেটার হিসেবে থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁকে দলে নিয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স।
৮ দলের অংশগ্রহণে আগামী ১৭ নভেম্বর শুরু হবে নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসর। টুর্নামেন্ট চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।
পুরো আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কাঠমাণ্ডুর কীর্তিপুরে অবস্থিত ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে। কর্নালি ইয়াকস ও পোখারা অ্যাভেঞ্জার্স ছাড়াও টুর্নামেন্টে অংশ নেবে বিরাটনগর কিংস, চিতওয়ান রাইনোস, জনকপুর বোল্টস, কাঠমাণ্ডু গোরখাস, লুম্বিনি লায়ন্স ও সুদূর পশ্চিম রয়্যালস।
//আইই//
