পাসওয়ার্ড অনুমান করে ৩ প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকে পড়েছিলো গুগলের জেমিনাই
সাইবার নিরাপত্তা পরীক্ষার অংশ হিসেবে কাজ করার সময় পাসওয়ার্ড অনুমান করে ৩টি প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকে পড়েছিলো গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনাই। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি-কে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন গুগলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিলো। তবে গুগলের বিষয়টি নজরে আসে জুলাইয়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে সাইবার নিরাপত্তা লঙ্ঘনের এ ঘটনাটি প্রযুক্তি সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করলো।
গুগলের নিরাপত্তা প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিদার অ্যাডকিনস জানান, একটি নিয়মিত পরীক্ষার সময় মডেলটি অনলাইনে থাকা বিভিন্ন তথ্য খুঁজে পায়। এরপর পরীক্ষা-নিরীক্ষার অংশ বলে মনে হওয়া ওয়েবসাইটে ঢুকতে প্রয়োজনীয় লগইন তথ্য অনুমান করে। তবে ৩টি ঘটনাতেই একপর্যায়ে এআই মডেলটি নিজে থেকে থেমে যায় বলে বলেন তিনি। নিরাপত্তার স্বার্থে আক্রান্ত প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করা হয়নি।
গুগলের এই কর্মকর্তা জানিয়েছেন, ওই ৩ প্রতিষ্ঠানকে ইতোমধ্যে বিষয়টি অবহিত করা হয়েছে। পাশাপাশি এআই প্রশিক্ষণের পদ্ধতিতে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা শক্তিশালী এআই মডেলগুলোকে দায়িত্বশীলতার সঙ্গে প্রশিক্ষিত করার গুরুত্ব তুলে ধরছে বলে মত দেন তিনি।
এর আগে ওপেনএআই, অ্যানথ্রপিক ও চীনের মুনশট এআইয়ের ক্ষেত্রেও নিয়ন্ত্রিত পরিবেশ থেকে বের হয়ে ইন্টারনেটে প্রবেশের মতো একই ধরনের ঘটনা ঘটেছিলো। এসব ঘটনার পর এআই মডেলগুলোর ওপর প্রযুক্তি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কতোটা বজায় থাকছে, তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে।
//আইই//
