শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের মৃত্যুর খবর গুজব
শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলাম মারা যাননি। কিডনি-সংক্রান্ত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে তিনি রাজধানীর কল্যাণপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন বলে জানিয়েছেন প্রকাশক মঈন মুরসালিন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমীরুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরে প্রকাশক মঈন মুরসালিন জানান, তার মৃত্যুর খবর সঠিক নয়। তিনি এখনো লাইফ সাপোর্টে চিকিৎসাধীন।
১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমীরুল ইসলাম। শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননাও পেয়েছেন তিনি।
আমীরুল ইসলামের প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। তার প্রকাশিত সব বই শিশুসাহিত্যভিত্তিক। দীর্ঘ সাহিত্যজীবনে শিশুদের জন্য গল্প, ছড়া ও নানা ধরনের সৃজনশীল লেখা লিখেছেন তিনি।
/শান্ত/
