সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট
সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের জন্য স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) নেতৃত্বে প্রাথমিকভাবে পুলিশের বর্তমান জনবল ও সরঞ্জাম দিয়ে ইউনিটটির কার্যক্রম শুরু হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ২১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে ইউনিটটির পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো, প্রয়োজনীয় পদ সৃষ্টি, যানবাহন ও অন্যান্য লজিস্টিকসের প্রস্তাব ৩ কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে সাইবার অপরাধের তদন্ত, ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণ এবং ডিজিটাল ফরেনসিকের কাজ পুলিশের বিভিন্ন ইউনিটে পরিচালিত হচ্ছে। সিআইডির সাইবার পুলিশ সেন্টার ও ফরেনসিক বিভাগ, ডিএমপির সাইবার ইউনিট এবং সিটিটিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব কাজে যুক্ত রয়েছেন।
নতুন ইউনিটের মাধ্যমে পুলিশের বিদ্যমান সাইবার সক্ষমতাগুলোকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, বিভিন্ন ইউনিটে থাকা সাইবার বিষয়ে প্রশিক্ষিত কর্মকর্তাদের নতুন ইউনিটে যুক্ত করা হবে।
তবে নতুন ইউনিটের সঙ্গে সিআইডি, ডিএমপি ও অন্যান্য ইউনিটের দায়িত্ব ও এখতিয়ার কীভাবে ভাগ হবে, কোন ধরনের মামলা ইউনিটটি তদন্ত করবে এবং স্থানীয় পুলিশ কীভাবে যুক্ত থাকবে, তা পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো চূড়ান্ত হওয়ার পর স্পষ্ট হবে।
/শান্ত/
