উত্তরাঞ্চলে শীতের আগমনী বার্তা
টানা দুই দিনের বৃষ্টির পর জয়পুরহাটের আক্কেলপুরে ভোরে দেখা দিয়েছে ঘন কুয়াশা। ফসলের মাঠ, ঘাস ও গাছের পাতায় জমেছে শিশিরবিন্দু। ভোরের হিমেল বাতাসে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। তবে সকাল গড়িয়ে দিন বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাচ্ছে, বাড়ছে রোদের তেজ ও গরম।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত উপজেলার সড়ক ও গ্রামীণ জনপদ ঘন কুয়াশায় ঢাকা ছিলো। এই সময় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। কুয়াশা উপেক্ষা করেই সকালে কাজে বের হন কৃষক ও দিনমজুরেরা।
নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টায় আক্কেলপুরের আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে দিনে ২৫ থেকে ৩০ এবং রাতে ২১ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।
আক্কেলপুর পৌর এলাকার বাসিন্দা আরমান হোসেন বলেন, গত দুই দিনের বৃষ্টির পর ভোরে বাড়ির চারপাশ কুয়াশায় ঢেকে যাচ্ছে। সকালে শীত অনুভূত হলেও দিনের বেলায় আবার গরম বাড়ছে। রাতে হালকা কাঁথা ব্যবহার করতে হচ্ছে, আবার কখনো ফ্যানও চালাতে হচ্ছে।
ট্রাকচালক লিটন হোসেন বলেন, বৃষ্টির পর আবহাওয়ার পরিবর্তন হয়েছে। সকালের ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে।
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, শরৎকালে বৃষ্টিপাতের কারণে রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। এ কারণে রাতে ও সকালে কুয়াশা দেখা যাচ্ছে।
/শান্ত/
