খেলতে গিয়ে অসুস্থ হয়ে উপসচিবের মৃত্যু
খেলতে গিয়ে অসুস্থ হয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার মারা গেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৭ বছর বয়সে তার মৃত্যু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাতে একটি স্টেডিয়ামে খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আশরাফুল আফসার। একপর্যায়ে হাঁটু গেড়ে বসার সময় মাঠে পড়ে যান তিনি। সেখানে থাকা অন্যরা তাকে তুলে বুকে চাপ দেওয়ার পাশাপাশি পানি দেওয়ার চেষ্টা করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। শোকবার্তায় তিনি আশরাফুল আফসারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার পরিবারের সদস্য, স্বজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান।
মন্ত্রী বলেন, আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তাকে হারিয়েছে।
মোহাম্মদ আশরাফুল আফসার ২৫তম বিসিএসের কর্মকর্তা ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবচর ইউনিয়নের মিরপুর গ্রামে।
/শান্ত/
