নেপালে ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করলো দূতাবাস
নেপালে ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণে বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে কাঠমান্ডুতে দেওয়া এক সতর্কবার্তায় দূতাবাস পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।
বিশেষ করে পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। অব্যাহত বৃষ্টি, ভূমিধস ও তুষারপাতের কারণে বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। দুর্গম ভূপ্রকৃতি ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কার্যক্রমও কঠিন হয়ে পড়েছে।
মানাংয়ের কয়েকটি এলাকায় এরই মধ্যে ট্রেকিং স্থগিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাং লা ও ভীমথাংসহ বিভিন্ন পর্যটন গন্তব্যে যাওয়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া পোখারা, মুস্তাং, জমসমসহ পার্বত্য এলাকায় যাওয়ার আগে সড়ক ও আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি যাচাই করতে বলা হয়েছে। অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলে ট্রেকিং বা পর্বতারোহণের পরিকল্পনা থাকলে নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে দূতাবাস।
ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ স্থানে থাকা, নদীর তীর ও ভূমিধসপ্রবণ এলাকা এড়িয়ে চলা এবং ট্রাভেল অপারেটর ও দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস জানিয়েছে, তারা নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী তথ্য জানানো হবে।
/শান্ত/
