কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে ফ্লাইট ওঠা-নামা শুরু
কক্সবাজার বিমানবন্দরে নবনির্মিত আন্তর্জাতিক টার্মিনালে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। প্রায় ১৮ হাজার বর্গমিটারের আধুনিক এই টার্মিনাল থেকে সোমবার (২৮ সেপ্টেম্বর) পরীক্ষামূলকভাবে ফ্লাইট পরিচালনা শুরু হয়। আগামী অক্টোবর থেকে পর্যটন নগরীর এই রানওয়েতে ওঠানামা করার কথা রয়েছে আন্তর্জাতিক ফ্লাইটের।
দেশীয় বিমান সংস্থাগুলোর দাবি, দেশের দ্বিতীয় বৃহৎ এই টার্মিনালে অত্যাধুনিক সুযোগ-সুবিধা পাবেন দেশি-বিদেশি পর্যটকরা।
ইউএস-বাংলার স্টেশন ম্যানেজার মোসা আহমেদ বলেন, আমাদের প্রস্থান হলটি বেশ প্রশস্ত, আগমন হলটিও প্রশস্ত। পাশাপাশি, বোর্ডিং লাউঞ্জটিও অনেক বড় ও সুন্দর। সব মিলিয়ে এখানে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা রয়েছে। যাত্রীদের জন্য প্রায় সব ধরনের সুযোগ-সুবিধাই এখানে রাখা হয়েছে।
নভোএয়ারের স্টেশন ম্যানেজার সারওয়ার উল কাদের বলেন, এখানে ব্যাগেজ বেল্টের সুবিধা রয়েছে। পুরো এলাকাটিও অনেক বড় ও প্রশস্ত। আগে যেভাবে যাত্রীদের গাদাগাদি করে থাকতে হতো, সেই পরিস্থিতি থেকে আমরা এখন পরিত্রাণ পেয়েছি।
বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক বলছে, যাত্রী হয়রানি রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দেশের চতুর্থ এই আন্তর্জাতিক বিমানবন্দরে।
// ইমরান//
