চার মাস ধরে বিদ্যুতহীন কাটাখালী রেলস্টেশন
ট্রেন চলাচল শুরু হলেও বাগেরহাটের কাটাখালী রেলস্টেশনে প্রায় চার মাস ধরে নেই বিদ্যুৎ। গত ৩০ মে স্টেশনের ট্রান্সফরমার চুরি যাওয়ার পর থেকে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। এতে ফ্যান বন্ধ থাকায় প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। একই সঙ্গে পানি তোলার মোটর বন্ধ থাকায় বাথরুমেও দেখা দিয়েছে পানির সংকট।
সরেজমিনে দেখা গেছে, অপেক্ষমাণ কক্ষে ফ্যান থাকলেও বিদ্যুৎ না থাকায় সেগুলো চলছে না। গরমে অনেক যাত্রীকে বাইরে দাঁড়িয়ে বা বসে ট্রেনের অপেক্ষা করতে হচ্ছে। পানি তোলার মোটর বন্ধ থাকায় বাথরুম ব্যবহারেও সমস্যায় পড়ছেন তারা।
যাত্রী খাদিজা খাতুন বলেন, ‘বাচ্চা নিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু স্টেশনে বিদ্যুৎ না থাকায় ফ্যান চলে না। প্রচণ্ড গরমে খুব কষ্ট হয়। বাথরুমে গেলেও পানির সমস্যা।’
যাত্রী শিউলি বেগম বলেন, ‘ফ্যান আছে, কিন্তু বিদ্যুৎ না থাকায় চলে না। বাথরুমেও পানির সমস্যা। যাত্রীদের কথা বিবেচনা করে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়া উচিত।’
কাটাখালী রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মোহাম্মদ আলী বলেন, গত ৩০ মে ট্রান্সফরমার চুরি যাওয়ার পর বিষয়টি রেল কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র রাজশাহীতে পাঠানো হয়েছে। অনুমোদন ও অর্থ বরাদ্দ হলে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।
তবে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সূত্র জানিয়েছে, নতুন সংযোগের জন্য রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো লিখিত আবেদন আসেনি। নিয়ম অনুযায়ী নির্ধারিত অর্থ পরিশোধ করে নতুন ট্রান্সফরমার নিতে হবে।
যাত্রীদের দাবি, দ্রুত বিদ্যুৎ সংযোগ দিয়ে ফ্যান ও পানি সরবরাহসহ স্টেশনের স্বাভাবিক সেবা নিশ্চিত করা হোক।
//রুশা//
