‘শুভ জন্মদিন আপা’ মন্তব্য, ছাত্রশক্তির নেতাকে পুলিশে সোপর্দ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে ‘শুভ জন্মদিন আপা’ মন্তব্য করার অভিযোগে জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় হয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সংগঠনটির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের বিজ্ঞপ্তিতে রাব্বি হোসেনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। এতে সংগঠনের মূলনীতি, নীতি, আদর্শ ও সংহতিবিরোধী কার্যকলাপের অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের কথা বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীর ফেসবুক পোস্টে রাব্বি হোসেন ‘শুভ জন্মদিন আপা’ মন্তব্য করেন। বিষয়টি নিয়ে সমালোচনা হলে শিক্ষার্থীরা তাকে প্রক্টর কার্যালয়ে নিয়ে যান। পরে বিকেল পৌনে চারটার দিকে তাকে আশুলিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
তবে রাব্বি হোসেন বলেন, শেখ হাসিনাকে ‘শুভ জন্মদিন আপা’ বলা তিনি ব্যঙ্গাত্মক অর্থে লিখেছিলেন। ২০২৪ সালের আন্দোলনে সরাসরি অংশ নিয়েছেন এবং শেখ হাসিনার সরকারের বিরোধিতা করেছেন বলেও দাবি করেন তিনি। আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না বলেও জানান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শামছুল আলম বলেন, বিষয়টি জানার পর শিক্ষার্থীরা রাব্বি হোসেনকে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেবে।
//রুশা//
