৭ দিনের সফরে জাপানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নে জাপানের অভিজ্ঞতা কাজে লাগাতে সাত দিনের সরকারি সফরে দেশটিতে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
তার নেতৃত্বে ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত জাপানের আধুনিক স্বাস্থ্য অবকাঠামো, চিকিৎসা ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা প্রকল্প নিয়ে অভিজ্ঞতা বিনিময় করবে। সফরের মাধ্যমে জাপানের সফল স্বাস্থ্য ব্যবস্থার অভিজ্ঞতা বাংলাদেশের স্বাস্থ্যখাতে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।
প্রতিনিধি দলে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ ইমাম আলী রেজা, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরী, নরসিংদী সদর হাসপাতালের সিভিল সার্জন মো. বুলবুল কবির এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীর একান্ত সচিব সারওয়ার সালাম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিনিধি দলটি জাপানের উদ্দেশে রওনা হয়। ব্যাংকক হয়ে রোববার সকালে তারা টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সফর শেষ হবে ২ অক্টোবর।
/শান্ত/
