রাড্ডা সেন্টারে হামলায় আসকের নিন্দা
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাতে আসক জানায়, ২৫ সেপ্টেম্বর রাতে প্রায় ২০০ থেকে ২৫০ জনের একটি দল স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করে। তারা দুই নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে ওষুধ, টিকা ও চিকিৎসাসামগ্রীসহ বিভিন্ন জিনিস লুট করে। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধাপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়।
১৯৭৪ সাল থেকে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মাতৃ ও শিশুসেবা, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও টিকাদানসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দেওয়া হয়ে আসছিলো।
ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আসক। সংগঠনটির দাবি, ঘটনাস্থল থানার কাছাকাছি এবং হামলার সময় পুলিশকে খবর দেওয়ার তথ্য গণমাধ্যমে এসেছে। এরপরও কীভাবে বিপুলসংখ্যক মানুষ নিরাপত্তাকর্মীদের জিম্মি করে লুটপাট ও দীর্ঘ সময় ধরে ভবন ভাঙার কাজ চালিয়েছে, তা তদন্ত করা প্রয়োজন।
আসক হামলায় সরাসরি জড়িতদের পাশাপাশি পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও পৃষ্ঠপোষকদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা স্বাধীনভাবে তদন্ত করে দায় নির্ধারণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
/শান্ত/
