‘সিন্ডিকেট’ বলে যেনো কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, কোনো সরকারই সিন্ডিকেট পছন্দ করে না। তিনি বলেছেন, সিন্ডিকেটের অস্তিত্ব থাকলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তাই ‘সিন্ডিকেট’ বলে যেনো কোনো শব্দই না থাকে, সরকার সেটাই চায়।
মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্য সংরক্ষণাগার ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। খাদ্য মন্ত্রণালয় নিয়মিত বাজার পরিস্থিতি, খাদ্যের মজুত ও সরবরাহব্যবস্থা পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংকট তৈরি হয়নি।
পুষ্টিকর চাল উৎপাদন প্রকল্পের বিষয়ে আফরোজা খানম বলেন, প্রকল্পটি কবে চালু হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব প্রকল্পটি চালুর চেষ্টা করা হবে।
/শান্ত/
