১০ এয়ারবাস কিনতে চুক্তি করছে বিমান
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল বুধবার (৭ অক্টোবর) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এই চুক্তি সই হবে।
চুক্তির আওতায় চারটি এ৩৫০-৯০০ ওয়াইডবডি ও ছয়টি এ৩২১নিও ন্যারোবডি উড়োজাহাজ কেনা হবে। এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এই হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করবেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাট ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত থাকবেন।
চারটি এ৩৫০-৯০০ দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে এবং ছয়টি এ৩২১নিও আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বিমানের বহরে প্রথমবারের মতো এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হবে এবং বোয়িং-এয়ারবাস মিলিয়ে মিশ্র বহর গড়ে উঠবে।
এয়ারবাসের উড়োজাহাজের সরবরাহ ২০৩৩ সাল থেকে শুরু হয়ে ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত চলতে পারে। তবে আজকের সর্বশেষ তথ্যে বেসামরিক বিমানমন্ত্রী দ্রুত সরবরাহ শুরু করে ২০৩০ সালের আগেই অন্তত কিছু উড়োজাহাজ পাওয়ার ওপর জোর দিয়েছেন।
এর আগে বিমান ১৪টি বোয়িং কেনার চুক্তি করেছিলো। পরে আরও ১১টি বোয়িং যুক্ত হওয়ায় মোট ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনা হয়েছে। এয়ারবাসের ১০টি যুক্ত হলে বিমানের নতুন উড়োজাহাজ সংগ্রহের পাইপলাইনে মোট ৩৫টি উড়োজাহাজ থাকবে।
/শান্ত/
