ইসরায়েলে গৃহযুদ্ধের ঝুঁকি দেখছে সিআইএ
তীব্র রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে ইসরায়েল অভ্যন্তরীণ সংঘাত ও রাষ্ট্রীয় অস্থিতিশীলতার ঝুঁকিতে রয়েছে বলে সিআইএর একটি গোপনীয় মূল্যায়নে সতর্ক করা হয়েছে। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে এমন পরিস্থিতি আরও গভীর হতে পারে বলে ওই মূল্যায়নে উল্লেখ করা হয়েছে। তবে নথিটি প্রকাশ্যে আসেনি; এর বিষয়বস্তু সম্পর্কে দুই মার্কিন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ড্রপ সাইট নিউজ।
‘ফ্র্যাকচার ফ্রম উইদিন’ নামে আগস্টে তৈরি ওই মূল্যায়নটি সিআইএর ‘রেড সেল’ ইউনিট করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এই ইউনিট প্রচলিত গোয়েন্দা বিশ্লেষণের বাইরে সম্ভাব্য ঝুঁকি ও বিকল্প পরিস্থিতি পর্যালোচনা করে।
মূল্যায়নে ইসরায়েলের অভ্যন্তরীণ বিভাজনের অন্যতম কারণ হিসেবে আল্ট্রা-অর্থোডক্স ইহুদিদের সামরিক সেবায় ছাড়ের বিষয়টি তুলে ধরা হয়েছে। দীর্ঘদিনের যুদ্ধে রিজার্ভ সেনাদের বারবার দায়িত্বে ডাকায় এ নিয়ে ক্ষোভ বাড়ছে।
এ ছাড়া যুদ্ধ শেষে বিপুলসংখ্যক সশস্ত্র রিজার্ভ সেনার বেসামরিক জীবনে ফেরা, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, সামরিক ব্যয় এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে উত্তেজনাকেও ঝুঁকির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিদেশি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানির বিনিয়োগ কমে যাওয়া এবং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়াও পরিস্থিতি আরও জটিল করতে পারে।
তবে সিআইএর পক্ষ থেকে মূল্যায়নটির বিষয়বস্তু প্রকাশ্যে নিশ্চিত করা হয়নি। তাই এটিকে সম্ভাব্য ঝুঁকি নিয়ে একটি গোয়েন্দা মূল্যায়ন হিসেবে দেখা হচ্ছে, নিশ্চিত ভবিষ্যদ্বাণী হিসেবে নয়।
/শান্ত/
