উপজেলা পরিষদের কার্যবিবরণী পাঠাতে হবে ১৪ দিনের মধ্যে
দেশের সব উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠানোর তাগিদ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। বুধবার (৬ অক্টোবর) দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসকদের কাছে এসংক্রান্ত জরুরি নির্দেশনা পাঠানো হয়।
স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে জানানো হয়, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৭(৪) ধারা অনুযায়ী সভা শেষের ১৪ দিনের মধ্যে কার্যবিবরণীর অনুলিপি সরকার ও স্থানীয় সংসদ সদস্যের কাছে পাঠানোর নিয়ম রয়েছে। অনেক উপজেলা পরিষদ নিয়মিত তা পাঠাচ্ছে না বলে নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে। এর ফলে সরকারের অগ্রাধিকারমূলক কাজ, ডেঙ্গু প্রতিরোধ এবং ছাদভিত্তিক সৌর প্যানেল স্থাপনের মতো কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা সম্ভব হচ্ছে না।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে প্রতিবার সভার কার্যবিবরণীতে সরকারের অগ্রাধিকারমূলক কাজের পাশাপাশি ন্যস্ত বিভিন্ন বিভাগের উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতির বিস্তারিত তথ্য যুক্ত করতে হবে। কাজের সচিত্র প্রমাণ হিসেবে রঙিন প্রিন্ট করা ছবি পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। বিশেষ করে কোনো প্রকল্প বাস্তবায়নের আগের ও পরের পরিস্থিতির তুলনামূলক ছবি পাশাপাশি যুক্ত করতে বলা হয়েছে।
নির্ধারিত ই-মেইল ঠিকানায় কার্যবিবরণী পাঠানোর পাশাপাশি এর একটি হার্ডকপি স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর পাঠাতে হবে। আইন মেনে নিয়মিতভাবে উপজেলাগুলোর কার্যক্রমের অগ্রগতি সরকারের নজরে আনতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।
//আইই//
