সরকারি অর্থের অপচয় রোধে নিরীক্ষা ইউনিট গঠনের উদ্যোগ
সরকারি অর্থের অপচয় রোধ, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত এবং জনসেবার মান বাড়াতে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা স্থায়ী করার উদ্যোগ নিয়েছে সরকার। এই জন্য তিন বছরে তিন ধাপে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে স্থায়ী নিরীক্ষা ইউনিট বা অধিদপ্তর গঠনের প্রস্তাব করা হয়েছে।
গাজীপুরে ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত সরকারি খাতে অভ্যন্তরীণ নিরীক্ষাবিষয়ক এক কর্মশালায় এসব পরিকল্পনা তুলে ধরা হয়। অর্থ বিভাগের এসপিএফএমএস কর্মসূচির আওতায় আয়োজিত কর্মশালায় সংশোধিত ‘মডেল ঝুঁকিভিত্তিক অভ্যন্তরীণ নিরীক্ষা সনদ ও নির্দেশিকা ২০২৬’ উন্মোচন করেন অর্থসচিব মো. খায়রুজ্জামান মজুমদার।
অর্থসচিব বলেন, অভ্যন্তরীণ নিরীক্ষার মাধ্যমে সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব। এই উদ্যোগকে কার্যকর ও স্থায়ী ব্যবস্থায় রূপ দিতে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
নতুন নির্দেশিকায় নিরীক্ষকদের দায়িত্ব, কাজের পরিধি ও প্রতিবেদন দেওয়ার প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। এতে নিরীক্ষাসংক্রান্ত কাজে সংশ্লিষ্ট কমিটির কাছে জবাবদিহির পাশাপাশি প্রশাসনিক বিষয়ে সচিব বা প্রধান হিসাবদানকারী কর্মকর্তার অধীনে থাকার বিধান রাখা হয়েছে। এর লক্ষ্য নিরীক্ষকদের পেশাগত স্বাধীনতা বাড়ানো এবং অনিয়ম ও দুর্বলতা আগেই শনাক্ত করা।
/শান্ত/
