অটোরিকশাচালকদের অবরোধে অচল মোহাম্মদপুর-বসিলা সড়ক
রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে তাদের অবস্থানের কারণে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কেও তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
অবরোধের কারণে দীর্ঘ সময় যানবাহনে আটকে থাকেন অনেকে। জরুরি কাজে বের হয়েও গন্তব্যে পৌঁছাতে পারছেন না যাত্রীরা। এক যাত্রী জানান, নিউমার্কেট যাওয়ার জন্য তিনি আধা ঘণ্টা ধরে সিএনজিতে বসে আছেন, কিন্তু যানজটের কারণে সামনে এগোতে পারছেন না।
অটোরিকশাচালকেরা জানান, তিন দিনের মধ্যে ঢাকা শহরে অটোরিকশা চলাচল বন্ধ করা হবে বলে সড়ক ও সেতুমন্ত্রীর দেওয়া হুঁশিয়ারির প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেছেন।
অবরোধে অংশ নেওয়া এক চালক বলেন, যেসব সড়কে অটোরিকশা চলাচলের অনুমতি রয়েছে, সেসব সড়কে নির্বিঘ্নে গাড়ি চালানোর সুযোগ দিতে হবে। পুরো শহরে অটোরিকশা চালানোর দাবি তাদের নয়। সরকার যেসব সড়কে চলাচল নিষিদ্ধ করেছে, সেসব সড়কে তারা গাড়ি চালান না বলেও দাবি করেন তিনি।
এদিকে, সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। তাদের মতে, ব্যস্ত সময়ে এ ধরনের অবরোধে কর্মজীবী মানুষের দুর্ভোগ বাড়ে। অটোরিকশা চলাচল নিয়ে সরকারকে নতুন করে ভাবার আহ্বানও জানিয়েছেন তারা।
/শান্ত/
