ব্যাংককে কঠিন পরীক্ষায় বাংলাদেশ, আইএমএফের বিকল্প অর্থায়নের সন্ধান
আন্তর্জাতিক অর্থায়নের প্রচলিত কাঠামো থেকে বেরিয়ে নিজেদের অর্থনৈতিক নীতির ওপর অধিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কঠিন শর্তে ঋণ নেওয়ার পরিবর্তে বিকল্প অর্থায়নের পথ খোঁজার ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু অর্থনীতির বর্তমান বাস্তবতায় এই কৌশল কতটা কার্যকর হবে, সেটিই এখন বড় প্রশ্ন।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ১২ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বব্যাংক ও আইএমএফের ২০২৬ সালের বার্ষিক সভা। এতে ১৯১টি দেশ থেকে ১৫ হাজারের বেশি প্রতিনিধি অংশ নেবেন। বিশ্ব অর্থনীতির গতি-প্রকৃতি, আর্থিক স্থিতিশীলতা, উন্নয়ন অর্থায়ন, কর্মসংস্থান ও বিনিয়োগ নিয়ে আলোচনার এই আন্তর্জাতিক মঞ্চ বাংলাদেশের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্মেলনের মূল ভেন্যু এবং ব্যাংককের ২১টি নির্ধারিত হোটেলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্মেলনস্থল, প্রতিনিধিদের হোটেল ও পর্যটনকেন্দ্রের নিরাপত্তায় প্রায় ৫০০ পর্যটন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের সঙ্গে থাকবে গোপন নজরদারি, টহল, ড্রোন এবং প্রতিনিধিদের গাড়িবহরের নিরাপত্তাব্যবস্থা। এ কাজে প্রায় ৩৯টি দেশের দূতাবাসের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছেন পর্যটন পুলিশের প্রধান ফংসিয়াম মিখানথং।
সম্মেলনে যোগ দিতে আসা নেতাদের মধ্যে রয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলিন এবং সিঙ্গাপুরের প্রেসিডেন্ট থারমান শানমুগারত্নম। থাই পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২২ বছরের মধ্যে এই প্রথম সুইজারল্যান্ডের কোনো প্রেসিডেন্ট আনুষ্ঠানিক সফরে থাইল্যান্ডে আসছেন।
সম্মেলনে অংশগ্রহণকারীদের ব্যয়ের ফলে থাইল্যান্ডের অর্থনীতিতে ১০৫ কোটি থেকে ২২৫ কোটি বাথ পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি হতে পারে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। কার্বন নিঃসরণ কমাতে প্রতিনিধিদের যাতায়াতের জন্য ৩২০টির বেশি বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করা হবে।
এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের সামনে দ্বিমুখী চ্যালেঞ্জ আবির্ভূত হয়েছে। একদিকে দেশের অর্থনৈতিক নীতির স্বাধীনতা বজায় রেখে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া, অন্যদিকে বৈদেশিক অর্থায়নের প্রয়োজন মিটিয়ে অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করা। নতুন ঋণের শর্ত নিয়ে দর-কষাকষি, ব্যাংকিং খাতের সংস্কার, রাজস্ব আয় বৃদ্ধি এবং বিনিয়োগের গতি ফেরানোর প্রশ্নগুলো ব্যাংককের আলোচনায় বিশেষ গুরুত্ব পেতে পারে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বার্ষিক সভার সাইডলাইনে আইএমএফের সঙ্গে একাধিক বৈঠকে ঋণের শর্ত ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হবে। আগের ঋণ কর্মসূচির অসম্পূর্ণ শর্তগুলোও আলোচনায় আসতে পারে। এর মধ্যে বিনিময় হার ব্যবস্থাপনা, ব্যাংকিং খাতের সংস্কার, বিদ্যুৎ ও সারে ভর্তুকি কমানো এবং অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে। ব্যাংককের আলোচনায় অগ্রগতি হলে চলতি মাসের শেষ দিকে আইএমএফের একটি প্রতিনিধি দল ঢাকায় আসতে পারে।
বার্ষিক সভায় অংশ নিতে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের ব্যাংককে যাওয়ার কথা রয়েছে। দলের সদস্যদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের বক্তব্য অনুযায়ী, উত্তরাধিকারসূত্রে পাওয়া সামষ্টিক অর্থনীতির চাপ মোকাবিলায় সরকার বিশ্বব্যাংক ও আইএমএফের চাপিয়ে দেওয়া সংস্কারের পরিবর্তে দেশের বাস্তবতা বিবেচনায় নিজস্ব উদ্যোগে সংস্কার বাস্তবায়ন করতে চায়।
আইএমএফের শর্ত নিয়ে সরকারের অবস্থান
বাংলাদেশের সঙ্গে আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে টানাপোড়েন নতুন নয়। ২০২৩ সালের জানুয়ারিতে ৪৭০ কোটি ডলারের একটি ঋণ কর্মসূচি অনুমোদিত হয়েছিল। পরে কর্মসূচির পরিমাণ বাড়িয়ে ৫৫০ কোটি ডলার করা হয়। তবে নতুন সরকার আগের কর্মসূচি থেকে সরে এসে নতুন শর্তে ঋণ চাওয়ার সিদ্ধান্ত নেয়।
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি বলেছেন, আইএমএফের অগ্রহণযোগ্য শর্ত মেনে ঋণ নেওয়ার প্রয়োজন নেই। তাঁর বক্তব্য অনুযায়ী, বিশ্বব্যাংক, আইএমএফ ও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থের ওপর নির্ভর করে দেশ পরিচালনার প্রচলিত ধারা থেকে বেরিয়ে আসতে চায় সরকার। এর পরিবর্তে দেশীয় পুঁজিবাজারকে কাজে লাগানো এবং আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়ার মাধ্যমে অর্থ সংগ্রহের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
সরকারের এই অবস্থানের পেছনে একটি গুরুত্বপূর্ণ যুক্তি রয়েছে। অর্থনৈতিক সংস্কার এমনভাবে পরিচালিত হওয়া উচিত, যাতে তা দেশের উৎপাদন, কর্মসংস্থান ও সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি না করে। কোনো সংস্কারের ফলে রাজস্ব বাড়লেও যদি তার ব্যয়ভার প্রধানত সাধারণ মানুষকে বহন করতে হয়, তাহলে সেই সংস্কারের সামাজিক গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ পার্থক্য মনে রাখা প্রয়োজন। আইএমএফের সব শর্ত প্রত্যাখ্যান করা এবং দেশের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক মনে হওয়া নির্দিষ্ট শর্ত পরিবর্তনের দাবি তোলা এক বিষয় নয়। আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার সঙ্গে আলোচনায় শর্ত পুনর্বিন্যাসের সুযোগ তৈরি করা গেলে তা বাংলাদেশের জন্য কার্যকর হতে পারে। আবার সব ধরনের সহযোগিতা থেকে দূরে সরে যাওয়ার ফলে অর্থায়নের সুযোগ সংকুচিত হলে তার অর্থনৈতিক মূল্যও দিতে হতে পারে।
আরও একটি বিষয় লক্ষণীয়। অর্থমন্ত্রী আগের কর্মসূচি বাতিলের কথা বললেও নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। ব্যাংককের বৈঠকে আইএমএফের সঙ্গে সম্ভাব্য নতুন কর্মসূচি নিয়ে আলোচনা হবে। অর্থাৎ, আগের কর্মসূচি থেকে সরে আসার ঘোষণা এবং ভবিষ্যতে আইএমএফের অর্থায়ন পুরোপুরি পরিহার করার সিদ্ধান্তকে এক করে দেখার সুযোগ নেই।
নতুন ঋণ কর্মসূচিতে কী আলোচনা হতে পারে
আগের কর্মসূচির অসম্পূর্ণ সংস্কার এবং নতুন কর্মসূচির সম্ভাব্য শর্ত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুর্বল ব্যাংকগুলোর সমস্যা সমাধানে সময়সীমাবদ্ধ পদক্ষেপ এবং অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের নির্দিষ্ট লক্ষ্য ও সময়সীমা নতুন ঋণ কর্মসূচির সম্ভাব্য শর্ত হিসেবে আলোচনায় আসতে পারে। তবে এগুলোকে চূড়ান্ত শর্ত হিসেবে দেখার সুযোগ নেই; আলোচনা শেষে কী সিদ্ধান্ত হবে, তা এখনো নির্ধারিত নয়।
বাংলাদেশের অর্থনীতির কাঠামোগত দুর্বলতাগুলোর দিকে তাকালে এসব আলোচনার গুরুত্ব বোঝা যায়। দীর্ঘদিন ধরে জিডিপির তুলনায় রাজস্ব আহরণ কম, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ও সুশাসনের ঘাটতি রয়েছে, বেসরকারি বিনিয়োগে গতি কম এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা উৎপাদন ব্যয় বাড়াচ্ছে। এসব সমস্যা সমাধান না হলে শুধু নতুন ঋণ নিয়ে সাময়িক অর্থসংকট সামাল দেওয়া সম্ভব হলেও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা অর্জন কঠিন হবে।
রাজস্ব আহরণ বাড়ানোর প্রশ্নটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সরকারের উন্নয়ন ব্যয়, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও অবকাঠামো নির্মাণের জন্য অর্থ প্রয়োজন। কিন্তু রাজস্ব আয় পর্যাপ্ত না হলে সরকারকে ঋণ নিতে হয় অথবা ব্যয় সংকোচন করতে হয়। তাই করের আওতা বাড়ানো, কর ফাঁকি কমানো এবং কর প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত করা অপরিহার্য।
একই সঙ্গে রাজস্ব বাড়ানোর নামে সাধারণ করদাতা ও ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করাও সমাধান নয়। করব্যবস্থাকে ন্যায্য, সহজ ও কার্যকর করতে হবে। যাঁদের কর দেওয়ার সক্ষমতা রয়েছে, তাঁদের করের আওতায় আনা এবং কর ফাঁকির সুযোগ কমানোকে অগ্রাধিকার দিতে হবে।
বিকল্প অর্থায়নের সন্ধান
আইএমএফের ঋণের ওপর নির্ভরতা কমাতে সরকারের পরিকল্পনায় রয়েছে আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে ডলার সংগ্রহ, ডলার বন্ড, পাণ্ডা বন্ড, সামুরাই বন্ড এবং দেশীয় মুদ্রায় বন্ড ছাড়ার মতো উদ্যোগ।
এ ধরনের অর্থায়ন বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। আন্তর্জাতিক পুঁজিবাজারে বিশ্বাসযোগ্যতা তৈরি করা গেলে অবকাঠামো, জ্বালানি, শিল্পায়ন ও উৎপাদনশীল খাতে দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহের সুযোগ বাড়বে। দেশীয় পুঁজিবাজারের গভীরতা বাড়লেও বড় প্রকল্পের অর্থায়নে ব্যাংকঋণের ওপর একক নির্ভরতা কমানো সম্ভব হবে।
তবে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ আর সহজ শর্তে ঋণ পাওয়া এক বিষয় নয়। বাজারভিত্তিক অর্থায়নের ব্যয় নির্ভর করে দেশের ঋণমান, বিনিয়োগকারীদের আস্থা, সুদের হার, মুদ্রার ঝুঁকি এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির ওপর। বিনিয়োগকারীরা বাংলাদেশকে বেশি ঝুঁকিপূর্ণ মনে করলে বেশি সুদ দাবি করতে পারেন। বিদেশি মুদ্রায় ঋণ নিয়ে দেশীয় মুদ্রায় আয় করা প্রকল্পের অর্থায়ন করলে বিনিময় হারের পরিবর্তনও ঋণ পরিশোধের ব্যয় বাড়াতে পারে।
ডলার বন্ডের অর্থ ফেরত দিতে হবে ডলারে। পাণ্ডা বন্ড সাধারণত চীনের বাজারে রেনমিনবিতে এবং সামুরাই বন্ড জাপানের বাজারে ইয়েনে ইস্যু করা হয়। এসব বাজারে প্রবেশের সুযোগ তৈরি করা গেলেও ঋণের মুদ্রা, সুদ, মেয়াদ, বাজারের চাহিদা এবং অর্থ ব্যবহারের পরিকল্পনা বিবেচনায় নিতে হবে। শুধু নতুন উৎস থেকে অর্থ সংগ্রহ করলেই অর্থায়ন সাশ্রয়ী হবে- এমন নিশ্চয়তা নেই।
এ কারণে বিকল্প অর্থায়নের পরিকল্পনায় তিনটি বিষয় জরুরি: প্রথমত, কোন প্রকল্পে অর্থ ব্যবহার করা হবে; দ্বিতীয়ত, প্রকল্প থেকে কীভাবে আয় বা অর্থনৈতিক সুফল আসবে; তৃতীয়ত, নির্ধারিত সময়ে ঋণ পরিশোধের ব্যবস্থা কী হবে। এসব প্রশ্নের স্পষ্ট উত্তর ছাড়া বড় অঙ্কের বৈদেশিক ঋণ নেওয়া ভবিষ্যতে বাজেটের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে।
বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা বাড়াচ্ছে চাপ
এবারের বার্ষিক সভা এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন বিশ্ব অর্থনীতি উচ্চ ঋণ, ভূরাজনৈতিক সংঘাত, জ্বালানির বাজারে অস্থিরতা এবং মূল্যস্ফীতির ঝুঁকির মুখে রয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত, জ্বালানি সরবরাহের বিঘ্ন এবং উন্নয়নশীল দেশগুলোর ঋণ পরিশোধের চাপকে সভার গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে তুলে ধরা হয়েছে।
বাংলাদেশের মতো আমদানিনির্ভর অর্থনীতির জন্য এসব পরিস্থিতি বিশেষ উদ্বেগের। আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বাড়লে আমদানি ব্যয় বৃদ্ধি পায়। এতে বৈদেশিক মুদ্রার চাহিদা বাড়ে, বিনিময় হারের ওপর চাপ তৈরি হতে পারে এবং দেশীয় বাজারে উৎপাদন ও পরিবহন ব্যয় বেড়ে যায়। মূল্যস্ফীতির চাপ দীর্ঘস্থায়ী হলে সাধারণ মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়।
এ অবস্থায় আন্তর্জাতিক অর্থায়ন কেবল ঋণের অঙ্কের বিষয় নয়। বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা, আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা এবং ঋণ পরিশোধের সময়সূচির সঙ্গে অর্থায়নের শর্ত ও মেয়াদ সরাসরি সম্পর্কিত। বাংলাদেশের জন্য তাই এমন অর্থায়ন গুরুত্বপূর্ণ, যা তাৎক্ষণিক চাপ সামলানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে অর্থনীতির উৎপাদনক্ষমতা বাড়াতে সহায়তা করবে।
সরকারের জন্য করণীয় কী
ব্যাংককের সভাকে বাংলাদেশের জন্য কার্যকর করতে হলে শুধু নতুন ঋণের আবেদন বা বিকল্প অর্থায়নের ঘোষণা যথেষ্ট হবে না। সরকারের সামনে কয়েকটি অগ্রাধিকার থাকা দরকার।
প্রথমত, আইএমএফের সঙ্গে আলোচনায় দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংস্কার কর্মসূচি তুলে ধরতে হবে। কোন সংস্কার কেন প্রয়োজন, তার সুফল কী এবং বাস্তবায়নে কত সময় লাগবে- এসব বিষয়ে স্পষ্ট পরিকল্পনা থাকতে হবে।
দ্বিতীয়ত, বিকল্প অর্থায়নের একটি বিশ্বাসযোগ্য রূপরেখা তৈরি করতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি ঋণের ব্যয়, মুদ্রার ঝুঁকি এবং ভবিষ্যৎ পরিশোধের সক্ষমতা যাচাই করা জরুরি।
তৃতীয়ত, ব্যাংকিং খাতের সংস্কার ও রাজস্ব আহরণে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে। এসব ক্ষেত্রে দুর্বলতা অব্যাহত থাকলে আন্তর্জাতিক ঋণদাতা, বিনিয়োগকারী এবং বন্ড ক্রেতাদের আস্থা অর্জন কঠিন হবে।
চতুর্থত, নতুন অর্থায়নের ব্যবহার উৎপাদন, কর্মসংস্থান ও রপ্তানি বৃদ্ধির সঙ্গে যুক্ত করতে হবে। যে অর্থায়ন ভবিষ্যতে আয় বা উৎপাদন বাড়াতে পারে, তার অর্থনৈতিক সুফল দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি।
সবশেষে, অর্থনৈতিক সংস্কারের সামাজিক প্রভাব বিবেচনায় নিতে হবে। রাজস্ব বাড়ানো, ভর্তুকি পুনর্বিন্যাস বা ব্যাংকিং খাতের পুনর্গঠনের মতো পদক্ষেপ নেওয়ার সময় নিম্ন আয়ের মানুষ, ক্ষুদ্র উদ্যোক্তা এবং উৎপাদনশীল শিল্পের ওপর প্রভাব মূল্যায়ন করা জরুরি।
শেষ পর্যন্ত নির্ধারক হবে বাস্তবায়ন
ব্যাংককের বার্ষিক সভা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি সুযোগ। এখানে সরকার নতুন অর্থায়নের পথ খুঁজতে পারবে, আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাস করতে পারবে এবং নিজস্ব সংস্কার কর্মসূচির গ্রহণযোগ্যতা তুলে ধরতে পারবে। কিন্তু সভায় অংশগ্রহণ কিংবা কোনো ঋণের প্রতিশ্রুতি পাওয়া অর্থনীতির সমস্যার স্বয়ংক্রিয় সমাধান নয়।
আইএমএফের শর্ত নিয়ে সরকারের আপত্তি থাকতে পারে। একইভাবে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, রাজস্ব সক্ষমতা, ব্যাংকিং খাতের সুশাসন এবং ঋণ পরিশোধের সামর্থ্য নিয়ে আন্তর্জাতিক অংশীদারদেরও যৌক্তিক উদ্বেগ থাকতে পারে। এই দুই অবস্থানের মধ্যে কার্যকর সমন্বয় তৈরি করাই হবে আলোচনার মূল চ্যালেঞ্জ।
বিকল্প অর্থায়নের পথ অনুসন্ধান বাংলাদেশের জন্য সম্ভাবনাময় হতে পারে, যদি সেই অর্থায়ন স্বচ্ছ, সাশ্রয়ী এবং উৎপাদনশীল খাতে ব্যবহারের উপযোগী হয়। বিপরীতে, আন্তর্জাতিক ঋণের বিকল্প হিসেবে বেশি সুদের বাজারভিত্তিক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যতে নতুন আর্থিক চাপ সৃষ্টি করতে পারে।
সুতরাং বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত কোনো একটি ঋণদাতা সংস্থার ওপর নির্ভরতাই কেকলমাত্র কমানো নয়; বরং এমন একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা, যেখানে নিজস্ব রাজস্ব আয় বাড়বে, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরবে, বেসরকারি বিনিয়োগ সম্প্রসারিত হবে এবং বৈদেশিক ঋণ পরিশোধের সক্ষমতা শক্তিশালী হবে।
ব্যাংককের সভায় বাংলাদেশের প্রকৃত সাফল্য তাই কত ডলারের ঋণ পাওয়া গেল, শুধু তার ওপর নির্ভর করবে না। বরং দেশ কতটা বাস্তবসম্মত অর্থনৈতিক কৌশল তুলে ধরতে পারল, আন্তর্জাতিক আস্থা কতটা অর্জন করল এবং দেশে ফিরে সেই কৌশল বাস্তবায়নে কতটা অগ্রগতি দেখাতে পারল- সেটিই হবে আসল পরীক্ষা।
