বিশ্বের দামি ফুটবলারদের তালিকায় আর্জেন্টিনার তিন তারকা
ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর বিশ্বের সবচেয়ে দামি আর্জেন্টাইন ফুটবলার হিসেবে নাম লিখিয়েছেন এনজো ফার্নান্দেজ। টিওয়াইসি স্পোর্টসের প্রকাশিত সর্বশেষ ট্রান্সফার র্যাঙ্কিং অনুযায়ী এই মিডফিল্ডারের বাজারমূল্য পৌঁছেছে ১২ কোটি ইউরোতে।
এই মূল্য এনজোকে কেবল দেশের খেলোয়াড়দের তালিকায় শীর্ষে রাখেনি, বিশ্ববাজারে দক্ষিণ আমেরিকান ফুটবলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানেও নিয়ে গেছে। তাঁর সামনে শুধু রয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র, যাঁর বাজারমূল্য ১৩ কোটি ইউরো। স্বদেশি জুলিয়ান আলভারেজ ও নিকো পাজের আগে অবস্থান করছেন এনজো। বিশ্বজুড়ে সেরা ২০ জন দামি খেলোয়াড়ের তালিকায় তাঁর অবস্থান ১১।
দক্ষিণ আমেরিকান র্যাঙ্কিংয়ের সেরা পনেরোর ভেতর আরও কয়েকজন আর্জেন্টাইন ফুটবলার স্থান পেয়েছেন। সাড়ে ৮ কোটি ইউরো মূল্য নিয়ে সপ্তম স্থানে রয়েছেন লাউতারো মার্টিনেজ। এছাড়া ৮ কোটি ইউরো নিয়ে নবম স্থানে নিকোলাস পাজ এবং ৭ কোটি ইউরো মূল্যায়ন নিয়ে চতুর্দশ স্থান অধিকার করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
প্রকাশিত তালিকায় বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবলারদের মধ্যে ২২ কোটি ইউরো মূল্য নিয়ে শীর্ষে রয়েছেন লামিন ইয়ামাল ও আর্লিং হলান্ড। ২০ কোটি ইউরো নিয়ে কিলিয়ান এমবাপে এবং ১৬ কোটি ইউরো নিয়ে জুড বেলিংহাম এই তালিকায় রয়েছেন।
//আইই//
