ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালাবে ব্যাংকগুলো
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে আগামী তিন মাস বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় প্রতি শনিবার ব্যাংকের সব ধরনের স্থাপনায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।
রবিবার (১১ অক্টোবর) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের ডেঙ্গু থেকে সুরক্ষিত রাখতে প্রধান কার্যালয় থেকে শুরু করে শাখা, উপ-শাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট, প্রশিক্ষণকেন্দ্র ও এটিএম বুথ সব জায়গায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলা, বৃষ্টির পানি জমে থাকা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে এডিস মশার প্রজননক্ষেত্র বাড়ছে। এ পরিস্থিতিতে মশার বংশবিস্তার রোধের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংক ভবনের ছাদ, গ্যারেজ, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), ফ্রিজ, পানির ট্যাংক ও রান্নাঘর নিয়মিত পরিষ্কার রাখতে হবে। একইসঙ্গে পরিত্যক্ত ফুলের টব, অব্যবহৃত কৌটা, পুরোনো টায়ার, প্লাস্টিকের বোতলসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো অপসারণ করতে হবে। এসব স্থানে যেন এডিস মশা বংশবিস্তার করতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
শুধু ব্যাংকের কার্যালয় বা ব্যবসায়িক স্থাপনা নয়, কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনেও পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংকের কর্মস্থল ও আশপাশের এলাকায় নিয়মিত মশা নিধনের ওষুধ, স্প্রে কিংবা কয়েল ব্যবহারের কথা বলা হয়েছে।
এছাড়া গ্রাম, শহর ও নগর এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রমে সংশ্লিষ্ট সরকারি ও স্থানীয় প্রতিষ্ঠান, যেমন পৌরসভা ও সিটি করপোরেশনের উদ্যোগে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।
বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে।
- কেআর
