পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে জুনিয়র টাইগ্রেসরা।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন সাদিয়া ইসলাম। মাত্র ২৮ বলে এই রান করেন তিনি। এছাড়া শিরিনা খাতুন ৪০ বলে ৩২ রান, সাদিয়া আক্তার ৭ বলে ১৪ রান এবং নিশিতা আক্তার নিশি ২০ বলে ২০ রান করেন।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান দল। ওপেনার রাভাইল ফারহান ২৬ বলে ৩৬ রান করলেও বাকিরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। আকসা ৩২ বলে ২৩ রান এবং রোজিনা ১৬ বলে ১৩ রান করেন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান পর্যন্ত করতে পেরেছে স্বাগতিক পাকিস্তান।
বাংলাদেশের বোলারদের মধ্যে ফারজানা ইয়াসমিম মেধা ৩টি এবং নিশিতা আক্তার নিশি ২টি উইকেট শিকার করেন। এ ছাড়া আফরিন মিম, অপর্ণা দাস তিথি এবং জান্নাতুল ফেরদৌসি প্রত্যেকে ১টি করে উইকেট নেন। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শ্রীলংকার বিপক্ষে ফাইনাল খেলা নিশ্চিত করলো বাংলাদেশ দল, আর টুর্নামেন্ট থেকে বিদায় নিলো পাকিস্তান।
//আইই//
