দুর্গাপূজা উপলক্ষ্যে ৩ জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে
সংগৃহীত ছবি
আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ঘরমুখী মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ করতে তিন জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে যাত্রীচাপ সামলাতে নিয়মিত ৫টি ট্রেনের অফ ডে বা সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, চট্টগ্রাম-ঢাকা রুটে ঢাকা স্পেশাল-৩ আগামী ২০ অক্টোবর চলাচল করবে। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২ চলবে আগামী ২০, ২৩ ও ২৪ অক্টোবর। এছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে আগামী ২৪ অক্টোবর চলাচল করবে চট্টগ্রাম স্পেশাল-৪।
যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে পূর্বাঞ্চলের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ১৯ ও ২০ অক্টোবর এবং পশ্চিমাঞ্চলের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের অফ ডে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ কোচ এবং পশ্চিমাঞ্চলে ৬টি ব্রডগেজ কোচ যাত্রীবাহী সার্ভিসে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সিডিউল ঠিক রাখতে প্রধান জংশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের নজরদারিতে ট্রেন পরিচালনা করা হবে।
রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে ট্র্যাক ও ব্রিজে পেট্রোলিংয়ের পাশাপাশি কোচ ও ইঞ্জিনের পরিচর্যা করা হবে। ঢাকা ও বিমানবন্দর স্টেশনে ১৯ ও ২০ অক্টোবর ম্যাজিস্ট্রিয়াল ডিউটি নিশ্চিত করা হবে। নাশকতা রোধে রেলওয়ে স্টেশন ও চলন্ত ট্রেনে জিআরপি ও আরএনবির পাহারা বাড়ানো হয়েছে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে রিলিফ ট্রেন।
সড়ক পরিবহন ও সেতু, নৌ-পরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এমপির সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রাজিব আহসান এমপি, সংশ্লিষ্ট সচিব ও দপ্তর প্রধানরাসহ পরিবহন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
//আইই//
