বিয়ের অনুষ্ঠানে নাচতে এসে দুই নারী ধর্ষণের শিকার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচ পরিবেশন করতে এসে দুই নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ভুক্তভোগীদের একজন কিশোরী। এ ঘটনায় করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে উপজেলার শাহবাজপুর এলাকায় তিতাস নদীতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা কুমিল্লার চান্দিনা এলাকার বাসিন্দা এবং চুক্তিভিত্তিক নৃত্য পরিবেশন করেন।
এজাহার অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানে নাচ পরিবেশনের কথা বলে রাকিব মিয়া নামে এক যুবক তাদের সরাইল বিশ্বরোড এলাকায় ডেকে নেন। পরে রাকিব ও তার সহযোগীরা অটোরিকশায় করে তাদের শাহবাজপুর এলাকায় নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকায় তোলেন।
নৌকাটি নদীর মাঝামাঝি পৌঁছানোর পর রাকিবসহ তার সহযোগীরা দুই নারীকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। তাদের সঙ্গে থাকা এক পুরুষ সদস্য বাধা দিলে তাকে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে ভুক্তভোগীদের নাসিরনগরের ভুঁইয়া ঘাট এলাকায় নামিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে তারা সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। রাকিবকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।
সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
/শান্ত/
