স্বাস্থ্যকেন্দ্রে নেই কোনো চিকিৎসক, তালা ভাঙে ঢুকলেন এমপি
গাজীপুরের শ্রীপুরে গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আকস্মিক পরিদর্শনে গিয়ে তালাবদ্ধ অবস্থায় পান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. রফিকুল ইসলাম।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে প্রধান ফটকসহ পুরো কেন্দ্র তালাবদ্ধ দেখতে পান তিনি। কিছুক্ষণ অপেক্ষার পর কাঁটাতারের বেড়া সরিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন সংসদ সদস্য। সেখানে কোনো চিকিৎসক বা মেডিক্যাল অফিসারকে পাওয়া যায়নি। কয়েকজন স্বাস্থ্যকর্মীকে ভেতরে বসে গল্প করতে দেখা যায় বলে জানান তিনি।
অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, স্বাস্থ্যকেন্দ্রটি প্রত্যন্ত এলাকায় হওয়ায় স্থানীয়দের জন্য এখানকার চিকিৎসাসেবা গুরুত্বপূর্ণ। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি।
/শান্ত/
