মিডল্যান্ড ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু
ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার এবং ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার চলমান উদ্যোগের অংশ হিসেবে মিডল্যান্ড ব্যাংক (এমডিবি) সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নির্বাচিত রিটেইল মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর সেবা চালু করেছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন।
সোমবার ব্যাংকের তরফ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা কিউআরের মাধ্যমে গ্রাহকরা সমর্থিত মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন ও ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে মার্চেন্টের কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সহজেই পেমেন্ট করতে পারবেন। এ সেবা দৈনন্দিন লেনদেনকে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করার পাশাপাশি নগদ অর্থের ওপর নির্ভরতা কমাতে সহায়তা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইমতিয়াজ ইউ আহমেদ বলেন, ‘বাংলা কিউআর সেবা চালু মিডল্যান্ড ব্যাংকের ডিজিটাল রূপান্তরের যাত্রায় আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ সেবার মাধ্যমে আমরা গ্রাহক ও মার্চেন্টদের নিরাপদ ও সুবিধাজনক ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহিত করতে চাই এবং একই সঙ্গে বাংলাদেশের ক্যাশলেস অর্থনীতির পথে অগ্রযাত্রায় অবদান রাখতে চাই।’
এ উদ্যোগের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক আরও বেশি রিটেইল মার্চেন্টকে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় নিয়ে আসার পাশাপাশি দেশব্যাপী কিউআরভিত্তিক লেনদেনের ব্যবহার সম্প্রসারণে কাজ করবে।
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক ও ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে মিডল্যান্ড ব্যাংক তার বাংলা কিউআর মার্চেন্ট নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ডিজিটাল পেমেন্ট সেবা আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নাজমুল হুদা সরকারসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
