ন্যাশনাল ব্যাংক থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন আমানতকারীরা
ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের কাছ থেকে রবিবার (১১ অক্টোবর) থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে আমানতকারীরা তাদের চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন। রবিবার বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন ও ব্যবস্থাপনা পরিচালক জাফর আহমেদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জানান, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের ফলে ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে। ব্যাংকের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে।
এ সময় গভর্নর বলেন, ন্যাশনাল ব্যাংকের সাম্প্রতিক তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের চাহিদা অনুযায়ী টাকা উত্তোলনের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরদারিতে রয়েছে। আমানতকারীদের স্বার্থ রক্ষা, ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বজায় রাখা এবং ব্যাংকটির কার্যক্রম সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
বাংলাদেশ ব্যাংক জানায়, ন্যাশনাল ব্যাংকের সব আমানতকারী যাতে প্রয়োজন অনুযায়ী তাদের জমা টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে ব্যাংক কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি আগামী ১৫ অক্টোবর থেকে ব্যাংকটির সব শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
/শান্ত/
