ত্রৈমাসিক রিটার্নে কমেছে ভ্যাট
চলতি ২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম দুই মাসে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় কমেছে প্রায় ২২ শতাংশ। রাজস্ব আদায়ের এ বড় ঘাটতির পেছনে তিন মাস অন্তর ভ্যাট রিটার্ন জমা দেওয়ার নতুন পদ্ধতিকে অন্যতম কারণ মনে করছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাঠপর্যায়ের কর্মকর্তারা। এই পরিস্থিতিতে আগের মতো মাসিক ভিত্তিতে ভ্যাট রিটার্ন ও কর পরিশোধের নিয়মে ফেরার বিষয়টি বিবেচনা করছে সরকার।
এনবিআর সূত্রে জানা গেছে, ব্যবসায়ীদের সুবিধার জন্য চলতি অর্থবছরের বাজেটে মাসিকের পরিবর্তে তিন মাস অন্তর ভ্যাট রিটার্ন জমা ও কর পরিশোধের সুযোগ দেওয়া হয়। তবে জুলাই-আগস্টে ভ্যাট আদায়ে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে। ত্রৈমাসিক পদ্ধতিতে মাঠপর্যায়ে কর তদারকি ও রাজস্ব মনিটরিং কঠিন হয়ে পড়েছে।
এনবিআরের মোট রাজস্বের প্রায় ৩৮ শতাংশ আসে ভ্যাট থেকে। জুলাইয়ে ভ্যাট আদায় হয়েছে ৯ হাজার ৩০২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিলো ১১ হাজার ৫৪৭ কোটি টাকা। আগস্টে আদায় হয়েছে ৮ হাজার ৩৬২ কোটি টাকা, আগের বছর যা ছিলো ১১ হাজার ৮১ কোটি টাকা। দুই মাসে মোট আদায় দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৬৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে আদায় হয়েছিলো ২২ হাজার ৬২৮ কোটি টাকা। এই হিসাবে কমেছে ৪ হাজার ৯৬৫ কোটি টাকা।
/শান্ত/
