আমিরাতে জনতা ব্যাংক টিকিয়ে রাখতে এক হাজার কোটি টাকা দিলো সরকার
রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কার্যক্রম টিকিয়ে রাখতে ৩০ কোটি দিরহাম (৮ কোটি ১৭ লাখ ডলার) মূলধন জোগান দিয়েছে সরকার, যা বাংলাদেশের ১ হাজার ৩ কোটি টাকার মতো। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জনতা ব্যাংককে বুধবারের (৯ সেপ্টেম্বর) মধ্যে ইউএইতে ৮ কোটি ১৬ লাখ ৭৭ হাজার ১০৪ মার্কিন ডলার পাঠানোর নির্দেশ দিয়েছে।
এর আগে পরিশোধিত মূলধন সংরক্ষণ করতে না পারায় ইউএই’র কেন্দ্রীয় ব্যাংক জনতা ব্যাংকের ইউএই শাখাগুলোর কার্যক্রম গুটিয়ে নেওয়ার নির্দেশ দেয়। সরকার টাকার জোগান দেওয়ায় ইউএই’র আবুধাবি, দুবাই, শারজাহ ও আল আইনে থাকা জনতা ব্যাংকের ৪টি শাখাই সেবা প্রদান অব্যাহত রাখতে পারবে। তাদের সেবা নেয় বাংলাদেশি শ্রমিক ও প্রবাসী বাংলাদেশিরা। জনতা ব্যাংক ১৯৭৬ সাল থেকে ইউএইতে কার্যক্রম পরিচালনা করছে।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, ইউএই কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী, দেশটিতে জনতা ব্যাংকের পরিশোধিত মূলধন থাকার কথা ৪০ কোটি দিরহাম। এর বিপরীতে বর্তমানে রয়েছে ১০ কোটি দিরহাম। অর্থাৎ ঘাটতি আছে ৩০ কোটি দিরহাম, যা বাংলাদেশের ১ হাজার ৩ কোটি টাকার মতো।
//ইমরান//
