গ্রাহকদের যতো টাকা ফেরত দিলো সম্মিলিত ইসলামী ব্যাংক
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রমে গতি বাড়ছে। ১০ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনে গ্রাহকদের ১ হাজার ৪৩১ কোটি টাকা পরিশোধ করেছে ব্যাংকটি।
চতুর্থ দিনে ৯ হাজার ৪১ জন গ্রাহককে ৩৯১ কোটি টাকা পরিশোধ করেছে ব্যাংকটি। গ্রাহকদের আবেদন অনুযায়ী এসব অর্থ দেওয়া হয়। একই দিনে নতুন করে ১১ হাজার ৩৮৫টি আবেদন জমা পড়েছে। এসব আবেদনে চাওয়া হয়েছে ৩৭৪ কোটি টাকা।
গত ১ সেপ্টেম্বর থেকে টাকা উত্তোলনের আবেদন নেওয়া শুরু হয়। আর ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয় আবেদন অনুযায়ী অর্থ পরিশোধ। প্রথম দিন ৮ হাজার ১২৫ জন গ্রাহক ৩১৯ কোটি টাকা উত্তোলন করেন। দ্বিতীয় দিনে ৭ হাজার ২৩৪ জন পান ৩৪০ কোটি টাকা। আর তৃতীয় দিনে ১০ হাজার ৬৯৭ জন গ্রাহককে ৩৮১ কোটি টাকা পরিশোধ করা হয়।
ব্যাংক সূত্র জানায়, ১ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক টাকা উত্তোলনের আবেদন করেছেন। এসব আবেদনে চাওয়া হয়েছে প্রায় ৩ হাজার ৩০৪ কোটি টাকা।
এদিকে গ্রাহকদের অর্থ পরিশোধের পাশাপাশি ব্যাংকে অর্থের প্রবাহও অব্যাহত রয়েছে। ব্যক্তিগত হিসাবের স্বাভাবিক লেনদেনও চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান শিকদার বলেন, আবেদন অনুযায়ী গ্রাহকদের অর্থ পরিশোধের কার্যক্রম চলমান রয়েছে। প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক গ্রাহক টাকা তুলছেন। একই সঙ্গে ব্যাংকে অর্থের প্রবাহ ও স্বাভাবিক লেনদেনও অব্যাহত রয়েছে।
/শান্ত/
