‘বাড়ি থেকেই বের হতে পারছি না’, দিল্লির বৈঠকে মমতা
সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি বাড়ি থেকে বের হতে পারছেন না বলে দাবি করেছেন রাজ্যের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিয়ে তিনি এই কথা জানান। নির্বাচনে জয়ের পর বিজেপি সেখানে ‘নৈরাজ্য’ ও ‘স্বৈরাচারী শাসন’ চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, দিল্লির বৈঠকে তৃণমূল নেতাদের ওপর ধারাবাহিক আক্রমণের চিত্র তুলে ধরেন মমতা। তিনি বলেন, "আমি এখন আমার বাড়ি থেকেই বের হতে পারছি না।"
সম্প্রতি হুগলিতে দলটির বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলা ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। তৃণমূলের দাবি, এসব ঘটনা বিজেপির সাজানো। তবে বিজেপি এগুলোকে তৃণমূলের বিরুদ্ধে জনগণের ক্ষোভের প্রকাশ বলে দাবি করে।
বৈঠকে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ তুলে তিনি সিইসিকে ‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ করেছেন। একইসঙ্গে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কার্যক্রমকে গণ্ডগোল পাকানো কাজ বলে উল্লেখ করে সিইসি'র বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানান তিনি।
ভোটার তালিকা সংশোধন ও কমিশনের ভূমিকা নিয়ে যৌথ কৌশল ঠিক করতেই এই বৈঠকে সমবেত হয়েছিলেন ২০টির বেশি বিরোধী দলের নেতারা। বৈঠকে নির্বাচন কমিশন ইস্যুতে বিরোধীরা প্রধান নির্বাচন কমিশনারের অপসারণের দাবি জানায়।
//আইই//
