বিএনপি হুমকি-ধমকিতে ভয় পাওয়ার দল না: মীর শাহে আলম
বগুড়ার শিবগঞ্জে কথিত গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। কর্মসূচিতে বিএনপির প্রতি হুমকি-ধমকি নিয়ে কঠোর বার্তা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত সমাবেশে তিনি বলেন, হুমকি-ধমকিতে ভয় পাওয়ার দল বিএনপি নয়। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে।
লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, লংমার্চ করতে আপনারা যে মহাসড়ক দিয়ে গিয়েছেন, সেই পথে মানুষ তাকিয়েও দেখেনি। লংমার্চের নামে পায়ে হেঁটে যাওয়ার কথা, অথচ আপনারা কয়েক শ গাড়ি নিয়ে গেলেন। তেল-গ্যাস পাচ্ছেন না বলে দাবি করছেন, আবার সেই কর্মসূচিতে লাখ লাখ লিটার তেল-গ্যাস অপচয় করেছেন। সংসদে এক কথা বলেন, আর সংসদের বাইরে বলেন আরেক কথা।
মীর শাহে আলম আরও বলেন, একটি গুপ্ত সংগঠন ১১ দলের ফুটবল টিম গঠন করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পথ সুগম করতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তবে দেশের মানুষ সজাগ ও সচেতন রয়েছে বলে দাবি করেন তিনি।
বিএনপির আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দীর্ঘ ২০ বছর নানা নির্যাতন-নিপীড়ন সহ্য করেও দলটি আন্দোলন চালিয়ে গেছে এবং জনগণের সমর্থনে সরকার গঠন করেছে। তাই কোনো হুমকি-ধমকিতে বিএনপি ভীত হবে না।
মশাল মিছিল ও সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।
//রুশা//
