দিল্লি বিমানবন্দরে ককরোচ প্রধান অভিজিৎ দিপকে আটক
সংগৃহীত ছবি
ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই বিমানবন্দর থেকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেসহ তিনজনকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে মুম্বাই থেকে আসা একটি ফ্লাইটে অবতরণের পর তাঁদের আটক করা হয়।
পুলিশ বিমানটিতে ওঠার সময় অভিজিৎ দিপকে নিজের ইনস্টাগ্রামে একটি লাইভ ভিডিও প্রচার করেন। এতে দেখা যায়, দিপকের পাশাপাশি সিজেপি'র অপর দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও বিমান থেকে নামিয়ে নেওয়া হচ্ছে। এ সময় বিমানের ভেতরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এসময় নারী পুলিশ সদস্যদের উদ্দেশ করে অভিজিৎ দিপকে বলেন, "আমরা বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। আসুন, আমাদের গ্রেপ্তার করুন, আমরা ভয় পাই না।"
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যন্তর মন্তরে পূর্বঘোষিত একটি বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার কথা ছিলো দিপকের। গত শুক্রবার পুলিশ পর্যাপ্ত সময় না দেওয়ার কারণ দেখিয়ে এই বিক্ষোভের অনুমতি দেয়নি। বিক্ষোভ ঠেকাতে রাজধানীতে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়, যার মধ্যে ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং ট্রেন বাতিলের পাশাপাশি ২০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে এই আটকের তীব্র নিন্দা জানিয়ে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে দিপকসহ আটক ৩ নেতার অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে। এর আগে ইউটিউবার ধ্রুব রাঠি এবং সিজেপি'র আইনি সেলের প্রধান রত্না সিংকেও নিজ বাসা থেকে আটক করা হয় বলে জানিয়েছে দলটি।
//আইই//
