দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূলের ৫ সাংসদ আটক
ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনবিরোধী আন্দোলন ঘিরে তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে পুলিশ। তার সঙ্গে দলটির ৫ সংসদ সদস্যকেও আটক করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) তরুণদের আন্দোলনে সংহতি জানাতে বের হলে তারা পুলিশের বাধার মুখে পড়েন।
আটক হওয়া তৃণমূলের সংসদ সদস্যরা হলেন দোলা সেন, প্রতিমা মণ্ডল, ডেরেক ও’ব্রায়েন, সামিরুল ইসলাম ও সাকেত গোখলে।
ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে দিল্লিতে ধরপাকড় শুরু করে পুলিশ। এ সময় দিল্লির ১৮৩ সাউথ অ্যাভিনিউয়ে সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে অবস্থান করছিলেন মমতা। সেখান থেকে বিক্ষোভে যোগ দিতে বের হতে চাইলে পুলিশ তাকে বাধা দেয়।
পরে দলীয় সাংসদদের নিয়ে বাসভবনের সামনের বাসস্ট্যান্ডে ধরনায় বসেন মমতা। তৃণমূল নেতা কুণাল ঘোষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, পুলিশ তাদের প্রতিবাদ কর্মসূচিতে যেতে বাধা দেয়। পরে তাদের হেফাজতে নেওয়া হয়।
আটকের আগে সাংবাদিকদের মমতা বলেন, তরুণেরা তাদের কর্মসূচিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি ছাত্র ও যুবসমাজের পাশে থাকার কথাও জানান। যন্তর মন্তরে যেতে বাধা দেওয়া হলে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা অভিযোগ করেন, আন্দোলনকারীদের বাসে তুলে দীর্ঘক্ষণ শহরের বিভিন্ন সড়কে ঘোরানো হচ্ছে। অসুস্থ থাকা সত্ত্বেও কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গেও একই আচরণ করা হয়েছিলো বলে দাবি করেন তিনি।
/শান্ত/
