এবার দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আটক
দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আম আদমি পার্টির (আপ) প্রধান ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) লোধি এস্টেট এলাকা থেকে তাকে আটক করা হয়। এই সময় দলের নেতা সঞ্জয় সিংসহ অন্য নেতারাও পুলিশের হেফাজতে যান বলে জানিয়েছেন কেজরিওয়াল।
আটক হওয়ার আগে একটি বাস থেকে ভিডিও প্রকাশ করেন আপপ্রধান। সেখানে তিনি জানান, পুলিশ তাকে ও দলের অন্য নেতাদের আটক করেছে। ভিডিওতে বাসে থাকা বিক্ষোভকারীদের ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে শোনা যায়।
প্রতিবেদন অনুযায়ী, যন্তর মন্তরে নির্বাচন কমিশনপ্রধানের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দিতে ‘দিল্লি চলো’ আহ্বান জানানোর কয়েক মিনিটের মধ্যেই কেজরিওয়ালকে আটক করা হয়।
আটকের প্রতিক্রিয়ায় কেজরিওয়াল বলেন, ‘এই স্বৈরাচারকে আমরা ভয় পাবো না।’
দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীদের আটক এবং কর্মসূচিতে বাধা দেওয়ার ঘটনায় দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আটক করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়।
/শান্ত/
