সৌদি আকাশসীমা ব্যবহারে হুথিদের হুঁশিয়ারি, মক্কা-মদিনা মুক্ত
সংগৃহীত ছবি
সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার থেকে বিরত থাকতে সব বিমান সংস্থার প্রতি নতুন করে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইরানসমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, সৌদি আরবের এসব স্থাপনা তাদের সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তুর অন্তর্ভুক্ত। তবে এই সতর্কবার্তার বাইরে রাখা হয়েছে পবিত্র মক্কা ও মদিনাকে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই সতর্কবার্তা জানিয়েছেন। তিনি জানান, সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা এড়িয়ে চলার বিষয়ে তাদের পক্ষ থেকে আগে যে নির্দেশনা দেওয়া হয়েছিলো, সেটাই এখন আবার মনে করিয়ে দেওয়া হচ্ছে। কারণ হিসেবে বলা হয়, এই আকাশপথ ও স্থাপনাগুলোতে যেকোনো সময় সামরিক অভিযান পরিচালনা করতে পারে তাদের বাহিনী।
বিবৃতিতে সংশ্লিষ্ট সবাইকে এই হুঁশিয়ারি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান সারি। তিনি সতর্ক করে বলেন, সম্ভাব্য হামলা ঠেকানোর যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হলে এর সম্পূর্ণ দায় বর্তাবে সৌদি কর্তৃপক্ষের ওপর। তবে সাম্প্রতিক এই সতর্কবার্তায় কোনো নির্দিষ্ট সময়সীমা বা হামলার ধরন সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, এর আগে শনিবার সৌদি রাজধানীর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়। উত্তর ইয়েমেনের এই রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে সরকারি বাহিনী ও আঞ্চলিক জোটের বিরোধিতায় লিপ্ত রয়েছে।
//আইই//
