আমাকে ‘অপহরণ’ করা হয়েছিলো: ধ্রুব রাঠি
ভারতের ইউটিউবার ধ্রুব রাঠি অভিযোগ করেছেন, ঘুমন্ত অবস্থায় তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন সাদাপোশাকের ব্যক্তিরা। শনিবার আটকের পর রবিবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। পরে তাকে ছেড়ে দেয় গুরুগ্রাম পুলিশ।
ধ্রুব রাঠি বলেন, বিক্ষোভে গেলে হয়তো তাকে আটক করা হতো। কিন্তু তাকে ঘুমন্ত অবস্থায় তুলে নেওয়া হয়েছে। তার ভাষ্য, বাড়ির বাইরে ৫০ জনের বেশি লোক ছিলেন। তাকে অপরাধীর মতো বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হয়।
শনিবার দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষকে আটক করে পুলিশ। তাদের মধ্যে ধ্রুব রাঠিও ছিলেন। গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় নিজের বাসা থেকে তাকে আটক করা হয়।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিলো ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে যোগ দিতে যাওয়ার আগেই ধ্রুব রাঠিকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ধ্রুব রাঠি কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধীর সমর্থক এবং ভারতের ক্ষমতাসীন এনডিএ সরকারের সমালোচক হিসেবে পরিচিত।
সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে পুলিশের একটি সূত্র জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে ধ্রুব রাঠি যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে তাকে আবার আটক করাসহ আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
/শান্ত/
