জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা: ১ ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশ ভ্রমণের সুযোগ
সংগৃহীত ছবি
ইউরোপের শেনজেন ভিসা'র মতো একটি সমন্বিত পর্যটন ভিসা চালুর পথে এগোচ্ছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ চালু হলে একটি ভিসা নিয়েই মধ্যপ্রাচ্যের ৬টি উপসাগরীয় দেশে ভ্রমণ করতে পারবেন বিদেশি পর্যটকেরা।
খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে জিসিসি'র মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউইয়ের বক্তব্য তুলে ধরা হয়। তিনি জানান, সমন্বিত এই ভিসা চালুর উদ্যোগ শিগগিরই বাস্তবায়নের পর্যায়ে যাচ্ছে।
নতুন ব্যবস্থায় একটি ভিসা'র আওতায় ভ্রমণ করা যাবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েতে। অর্থাৎ ৬টি দেশের জন্য আলাদা আলাদা ভিসা নেওয়ার প্রয়োজন হবে না।
জিসিসি মহাসচিব জানান, ২০২৩ সালের অক্টোবরে জিসিসি'র পর্যটন মন্ত্রীরা এই উদ্যোগে অনুমোদন দেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্মতিও পাওয়া যায়। বর্তমানে প্রকল্পটি বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তবে ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ ঠিক কবে চালু হবে, কীভাবে আবেদন করতে হবে, এর জন্য কতো খরচ হবে বা ভিসা'র মেয়াদ কতোদিন থাকবে, এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
গত ৬ সেপ্টেম্বর রিয়াদে অনুষ্ঠিত ‘সিকিউরিটি অ্যান্ড হিস্ট্রি ডায়ালগ ২০২৬’-এর একটি বিশেষ অধিবেশনে ইউএই ও বাহরাইনের মধ্যে চালু হওয়া ‘ওয়ান-পয়েন্ট এয়ার ট্র্যাভেলার্স’ ব্যবস্থার বিষয়টিও তুলে ধরেন আল-বুদাইউই।
চলতি বছরের ফেব্রুয়ারিতে আবুধাবি'র জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ও বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হয়। এর আওতায় ই-গেট ও বায়োমেট্রিক যাচাই সম্পন্ন করার পর যাত্রীদের গন্তব্যে পৌঁছে আবার ইমিগ্রেশনের মধ্য দিয়ে যেতে হয় না।
