ভোটে জিতলে ৫ হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি জয়ী হলে প্রাপ্তবয়স্ক নাগরিকদের প্রত্যেককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ অর্থের নাম দিয়েছেন ‘ট্রাম্প ডিভিডেন্ড’।
ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনসংক্রান্ত এক সম্মেলনে এই ঘোষণা দেন ট্রাম্প। সেখানে তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, রিপাবলিকানরা জিতলে তাঁরাও সেই জয়ের সুফল পাবেন এবং প্রত্যেকে ৫ হাজার ডলার করে পাবেন।
এই অর্থের অর্থায়ন কীভাবে হবে, সে বিষয়ে অবশ্য কোনো ব্যাখ্যা দেননি ট্রাম্প। এ নিয়ে তাঁর বক্তব্য, ‘আমাদের দেশ প্রচুর অর্থ উপার্জন করছে।’ হিসাব করলে প্রাপ্তবয়স্ক সব মার্কিন নাগরিককে এই অর্থ দেওয়ার মোট ব্যয় ১ ট্রিলিয়ন ডলারের বেশি হতে পারে।
নভেম্বরের নির্বাচনটি প্রেসিডেন্ট নির্বাচন নয়। এতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে। রিপাবলিকান পার্টি ডেমোক্র্যাটদের মোকাবিলা করে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করবে। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের প্রেসিডেন্টের মেয়াদ স্বাভাবিকভাবেই ২০২৯ সাল পর্যন্ত।
মধ্যবর্তী নির্বাচনের আগে অবশ্য জনমত জরিপে সুবিধাজনক অবস্থানে নেই ট্রাম্পের দল। বেশির ভাগ জরিপে তাঁর প্রতি সমর্থনের হার ৩০ শতাংশের কাছাকাছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ইরানের বিরুদ্ধে তাঁর শুরু করা যুদ্ধ নিয়েও ভোটারদের অসন্তোষ বাড়ছে।
