ভারতে ভ্লাদিমির পুতিন
ব্রিকস সম্মেলন
মোদি ও পুতিন। ছবি: সংগৃহীত
ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ৩ দিনের সফরে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে নয়াদিল্লি পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটিই পুতিনের প্রথম সশরীরে ব্রিকস সম্মেলনে যোগদান।
সফরের প্রথম দিন পুতিন ‘ব্রিকস বিজনেস ফোরাম’-এর বার্ষিক পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে তার। দ্বিপক্ষীয় আলোচনায় প্রতিরক্ষা, জ্বালানি, প্রযুক্তি ও ওষুধশিল্পসহ নানা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ প্রাধান্য পাবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরু হবে ব্রিকসের মূল শীর্ষ সম্মেলন। ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে সদস্য দেশগুলো তাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করবে। রোববার অনুষ্ঠিত হবে ব্রিকসের সম্প্রসারিত বৈঠক, যেখানে আমন্ত্রিত দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানেরা যোগ দেবেন।
// ইমরান//
