ফাইনাল নিয়ে মরক্কো-স্পেনের লড়াই, ফিফার সিদ্ধান্ত কোথায়?
২০৩০ বিশ্বকাপের ফাইনাল মরক্কো নাকি স্পেনে—এ নিয়ে নতুন করে শুরু হয়েছে টানাপোড়েন। মরক্কো ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লাকজা দাবি করেছেন, ক্যাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন কিং হাসান-২ স্টেডিয়ামেই হবে বিশ্বকাপের ফাইনাল। তবে ফিফা বলছে, ফাইনালের আয়োজক নিয়ে ‘উপযুক্ত সময়ে’ সিদ্ধান্ত নেওয়া হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক রাজনৈতিক সমাবেশে ফৌজি লাকজা বলেন, ‘বেনস্লিমান শহর বিশ্বকাপের ফাইনাল আয়োজন করবে। এটা পছন্দ হোক বা অপছন্দ, আর কেউ এ নিয়ে কথা বলতে চাইলে বলতে পারে। শহরটি বেনস্লিমান, স্টেডিয়ামটি হাসান-২, আর আমি আশা করি মরক্কো সেখানে ফাইনাল খেলবে।’
এদিকে, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান রাফায়েল লৌসান বলেছেন, ফাইনাল আয়োজনের যোগ্যতা স্পেনেরই। তবে তিনি স্বীকার করেছেন, স্পেনকে এখনো এই সম্মান নিশ্চিত করা হয়নি।
লৌসান বলেন, ‘আমরা সবাই প্রার্থিতা গ্রহণের জন্য স্বাক্ষর করেছি। দুঃখজনক বিষয় হলো, ফাইনালের ক্ষেত্রে কোথায় এটি খেলা হবে, তা স্পষ্টভাবে, পুরোপুরি স্পষ্টভাবে নির্ধারণ করা হয়নি। পুরুষ ও নারী- উভয় ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে স্পেনেরই ফাইনাল আয়োজন করা উচিত।’
২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মরক্কো, স্পেন ও পর্তুগাল। ফাইনালের সম্ভাব্য ভেন্যু হিসেবে মরক্কোর কিং হাসান-২ স্টেডিয়ামে ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে স্পেনের ক্যাম্প ন্যুতে সংস্কারের পর ১ লাখ ৫ হাজার দর্শক ধারণের ব্যবস্থা থাকবে।
ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, ফাইনালের আয়োজক নিয়ে সিদ্ধান্ত হবে ‘উপযুক্ত সময়ে’।
//রুশা//
