দুদক কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আখতারুল ইসলামের দেওয়া বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান আসিফ মাহমুদ।
তিনি উল্লেখ করেন, গত ২ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে আখতারুল ইসলাম বদলি, নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অনিয়মের অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার কথা জানান। এরপর বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়। আসিফ মাহমুদের দাবি, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দেওয়া ওই বক্তব্যের কারণে তাকে ঘিরে ‘মিডিয়া ট্রায়াল’ শুরু হয় এবং তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়।
আসিফ মাহমুদ জানান, পরে দুদকের বিটের হোয়াটসঅ্যাপ গ্রুপে আখতারুল ইসলাম তাঁর বক্তব্যটি ভুলবশত দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন এবং সংবাদ প্রচারের ক্ষেত্রে ‘প্রাথমিক সত্যতা’ বিষয়টি বাদ দিতে সাংবাদিকদের অনুরোধ করেন। তবে প্রকাশ্য বক্তব্যটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার বা সংশোধন করা হয়নি।
আইনি নোটিশে ১৫ দিনের মধ্যে বক্তব্যটি নিঃশর্তভাবে প্রত্যাহার এবং ভবিষ্যতে যাচাই করা ও প্রমাণসমর্থিত তথ্য ছাড়া বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। তা না হলে দণ্ডবিধির ৫০০ ধারাসহ প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আসিফ মাহমুদ।
//রুশা//
