যে কারণে বিদেশি উদ্ধারকারী দল নয়, নগদ অর্থ চায় নেপাল
প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৬, ২:৩৯:৩১
আকস্মিক বন্যায় ৫১৭ জন বিদেশি নাগরিক নিখোঁজ থাকলেও বিদেশি উদ্ধারকারী দল গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। দেশটির পক্ষ থেকে বিভিন্ন দেশের কাছে উদ্ধারকারী দলের পরিবর্তে নগদ অর্থ সহায়তার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) নেপালি গণমাধ্যম ‘কাঠমান্ডু পোস্ট’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানান, বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা নিজেদের অনুসন্ধান ও উদ্ধারকারী দল নেপালে পাঠানোর জন্য আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে একাধিকবার প্রস্তাব দিয়েছে। নেপাল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির নিজস্ব নিরাপত্তা বাহিনীই এই উদ্ধার অভিযান পরিচালনায় সম্পূর্ণ সক্ষম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সিনিয়র কর্মকর্তা আরও জানান, ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের অভিজ্ঞতার আলোকেই নেপাল সেনাবাহিনী ও পুলিশের সুপারিশে এবার বিদেশি উদ্ধারকারী দল না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ ২০১৫ সালে বিভিন্ন দেশের বিপুলসংখ্যক অনুসন্ধান ও উদ্ধারকারী দলের প্রতিযোগিতার কারণে মাঠপর্যায়ে সমন্বয় ও ব্যবস্থাপনায় তীব্র সমস্যার সৃষ্টি হয়েছিলো।
